পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের বাসভবনে ভাইফোঁটার আয়োজন করেননি। কয়েক বছরের প্রচলিত রীতি ভেঙে বুধবার তিনি এ অনুষ্ঠান থেকে বিরত থাকেন। অন্যদিকে, তাঁর ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছেন তৃণমূলের বিদ্রোহী নেতাদের শিবিরে। এতে রাজ্যটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভাইফোঁটা ভারতের বিভিন্ন অঞ্চলে ভাইদুজ নামেও পরিচিত। এ উৎসবে বোনেরা ভাইদের কপালে তিলক পরিয়ে তাঁদের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবছর নিজের বাসভবনে দলের নেতা-কর্মী ও সমর্থকদের ভাইফোঁটা দিতেন। এ উপলক্ষে তাঁর কাছে ভিড় করতেন দলের অনেক নেতা।
তবে এবার সেই আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানান, নির্বাচনের পর থেকে দলের নেতা-কর্মীরা হামলা, সন্ত্রাস, পুলিশের নির্যাতন এবং মিথ্যা মামলায় গ্রেপ্তারের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিবাদে মমতা এবার বিজয়া দশমীর অনুষ্ঠানও পালন করেননি।
কুণাল ঘোষ বলেন, পরিবারের কালীপূজার আয়োজন বাতিল করা সম্ভব না হওয়ায় মমতা দেবীর পূজা করেছেন। তবে এবার তিনি ভাইফোঁটার কোনো আনুষ্ঠানিক আয়োজন করবেন না। কেউ তাঁর সঙ্গে দেখা করতে চাইলে আসতে পারবেন, কিন্তু প্রচলিত অনুষ্ঠানটি এবার হচ্ছে না।
ক্ষমতায় থাকাকালে ভিড়, এখন অনুপস্থিত অনেক নেতা
বুধবার মমতার বাসভবনে কয়েকজন সমর্থক উপস্থিত হলেও একসময় তাঁর ঘনিষ্ঠ ছিলেন, এমন অনেক নেতার দেখা মেলেনি। তাঁদের কেউ কেউ ইতিমধ্যে তাঁর শিবির ছেড়ে চলে গেছেন।
মমতার ঘনিষ্ঠ নেতা ও শ্রীরামপুরের সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে ক্ষমতায় থাকার সময় ভাইফোঁটার অনুষ্ঠানে আসা সুবিধাবাদী নেতাদের সমালোচনা করেন। তিনি বলেন, মমতা নিজের ভাইদের একাই বড় করেছেন।
তাঁর এই মন্তব্যের পেছনে রয়েছে মমতার ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান। মঙ্গলবার সন্ধ্যায় স্বপন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। কালীপূজায় অংশ নিতে শুভেন্দু অধিকারী কলকাতার কালীঘাট এলাকায় গেলে সেখানে স্বপন তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন।
এ সময় স্বপন জানান, তিনি এবার নিজের বোনের বাসভবনে ভাইফোঁটার অনুষ্ঠানে যাবেন না।
বিদ্রোহী তৃণমূল নেতাদের অনুষ্ঠানে স্বপন
বুধবার স্বপন বন্দ্যোপাধ্যায় যোগ দেন তৃণমূলের বিদ্রোহী নেতাদের আয়োজিত ভাইফোঁটার অনুষ্ঠানে। ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। মমতার মন্ত্রিসভার সাবেক সদস্য চন্দ্রিমা ভট্টাচার্যকেও বিদ্রোহী শিবিরের নেতাদের ভাইফোঁটা দিতে দেখা যায়।
মমতার ভাইয়ের এই রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং একই সময়ে তাঁর নিজের বাসভবনে ভাইফোঁটার অনুষ্ঠান না হওয়া পশ্চিমবঙ্গের তৃণমূল রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।











