বিচ্ছেদ হলে প্রযুক্তি বিশ্বের অন্যতম ধনী নারী হয়ে উঠতে পারেন এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের স্ত্রী লরি হুয়াং। স্বামীর পরকীয়া সম্পর্কের অভিযোগ এবং চীনা গুপ্তচর সন্দেহে অভিযুক্ত এক নারীর সঙ্গে যোগাযোগের খবর প্রকাশের পর তাঁদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বিচ্ছেদ হলে লরি কত বিপুল সম্পদের মালিক হতে পারেন, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগ উঠেছে। ওই নারী জেনসেনের আত্মীয় নন। গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, তিনি চীনের গুপ্তচর। তবে চীন সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
এ ছাড়া এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গেও জেনসেনের কথিত সম্পর্কের খবর প্রকাশিত হয়েছে। তিনি জেনসেনের অধীনে কাজ করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগের পর চার দশকের বেশি সময়ের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে লরি বিচ্ছেদের পথে হাঁটবেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
বিচ্ছেদে কত সম্পদ পেতে পারেন লরি?
ব্যক্তিগত জীবন নিয়ে এসব খবর প্রকাশের আগে জেনসেন হুয়াংয়ের সম্পদের পরিমাণ প্রায় ২০০ বিলিয়ন ডলার বলে ধারণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর পর এনভিডিয়ার শেয়ারের দর কমেছে। এরপরও তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ১৪৮ বিলিয়ন ডলার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেনসেন ও লরির মধ্যে বিয়ের আগে সম্পদ ভাগাভাগি নিয়ে কোনো চুক্তি হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়ার সময় তাঁদের পরিচয়। তখনো এনভিডিয়া প্রতিষ্ঠিত হয়নি কিংবা জেনসেন বিপুল সম্পদের মালিক হননি।
বর্তমানে এই দম্পতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন। অঙ্গরাজ্যটির প্রচলিত যৌথ সম্পত্তি আইনে সাধারণত বিবাহিত জীবনে অর্জিত সম্পদ ও আয় বিচ্ছেদের সময় সমানভাবে ভাগ করার বিধান রয়েছে। তবে এ ক্ষেত্রে প্রযোজ্য আইনি শর্ত ও সম্পদের ধরন গুরুত্বপূর্ণ।
সান ফ্রান্সিসকোর বিলিয়নেয়ার্স রো এলাকায় তাঁদের প্রায় ৩৮ মিলিয়ন ডলার মূল্যের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটির বিকাশে স্ত্রীর অবদানের কথা স্বীকার করেছেন জেনসেন। চলতি বছরের শুরুর দিকে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এনভিডিয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে লরি তাঁর পাশে ছিলেন।
প্রযুক্তি বিলিয়নিয়ারদের বিচ্ছেদে বিপুল সম্পদ
জেনসেন ও লরির বিচ্ছেদ হলে তা প্রযুক্তি খাতের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ হতে পারে। এর আগে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ২০২১ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করেন।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট বিচ্ছেদের পর প্রায় ৩৮ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার পেয়েছিলেন। অন্যদিকে গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের দ্বিতীয় স্ত্রী নিকোল শানাহান ২০২২ সালে বিচ্ছেদের আবেদন করার পর এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের সমঝোতা পেয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে বিচ্ছেদের পর এসব নারীর সম্পদ ব্যবহারের ধরন ছিল ভিন্ন।
ম্যাকেঞ্জি স্কট ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ২৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ দান করেছেন। জনশিক্ষা, সাশ্রয়ী আবাসন, জনস্বাস্থ্য এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে এসব অর্থ ব্যয় করা হয়েছে।
মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসও জনকল্যাণ, বিনিয়োগ ও নীতিনির্ধারণী উদ্যোগে তাঁর সম্পদের বড় অংশ ব্যবহার করছেন। ২০২৪ সালে নারীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এক বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
অন্যদিকে নিকোল শানাহান রাজনীতি ও স্বাস্থ্যবিষয়ক প্রচারণায় যুক্ত হয়েছেন। একসময় আইনজীবী ও প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে পরিচিত শানাহান পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্প-সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ এবং রবার্ট এফ কেনেডি জুনিয়রের রাজনৈতিক প্রচারণায় সমর্থন দেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কেনেডির রানিং মেট বা নির্বাচনী সঙ্গী ছিলেন তিনি। তাঁদের নির্বাচনী প্রচারণায় অন্তত আট মিলিয়ন ডলার অনুদানও দেন। পাশাপাশি ‘মেক আমেরিকা হেলদি এগেইন’ আন্দোলনের প্রচার এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে সম্ভাব্য প্রার্থিতা নিয়েও আলোচনা করেছেন।
জনসমক্ষে কম আসেন লরি হুয়াং
জেনসেনের স্ত্রী লরি মিলস হুয়াং সাধারণত প্রচারমাধ্যমের আড়ালেই থাকেন। খুব কমই সাক্ষাৎকার দেন তিনি। তবে স্বামীর সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁকে দেখা গেছে। এর মধ্যে গত সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজ এবং এপ্রিলে সান্তা মনিকায় অনুষ্ঠিত ব্রেকথ্রু প্রাইজ অনুষ্ঠান উল্লেখযোগ্য।
এই দম্পতির দুই সন্তান রয়েছে—৩৫ বছর বয়সী ম্যাডিসন এবং ৩৬ বছর বয়সী স্পেন্সার। দুজনই এনভিডিয়ায় কাজ করেন।
লরি বর্তমানে ২০০৭ সালে প্রতিষ্ঠিত জেন-সান ও লরি হুয়াং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিবেদন অনুযায়ী, এই ফাউন্ডেশনের সম্পদের পরিমাণ প্রায় ৯ বিলিয়ন ডলার। উচ্চশিক্ষা, জনস্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি কাজ করে।
ফাউন্ডেশনটি ওরেগন স্টেট ইউনিভার্সিটিকে ৫০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও উপাদানবিজ্ঞান বিষয়ে গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সেখানে একটি কেন্দ্র প্রতিষ্ঠায় এ অর্থ ব্যয় করা হয়েছে।
দম্পতির বিচ্ছেদ হলে ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিচালনা ও সম্পদের ব্যবহার নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে এ বিষয়ে লরি কিংবা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
পরকীয়ার অভিযোগ স্বীকার জেনসেনের
গত ৮ নভেম্বর প্রকাশ্যে আসা একটি অভ্যন্তরীণ কোম্পানি স্মারকে জেনসেন নিজের স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেছেন।
সেখানে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণ করেছি। আমার কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছে। এর কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’
তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি লরি। বিচ্ছেদ কিংবা ভবিষ্যৎ সম্পদ ব্যবস্থাপনা নিয়ে তিনি কী সিদ্ধান্ত নিতে পারেন, সেটিও স্পষ্ট নয়।
দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদ হলে লরি অন্য প্রযুক্তি বিলিয়নিয়ারদের সাবেক স্ত্রীদের মতো নিজস্ব জনকল্যাণমূলক উদ্যোগ গড়ে তোলার পথও বেছে নিতে পারেন। তবে এখন পর্যন্ত এসবই সম্ভাবনা ও জল্পনার পর্যায়ে রয়েছে।












