উন্নত জীবনের আশায় লিবিয়ায় গিয়ে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হওয়া এক বাংলাদেশির পরিবারের কাছে মুক্তিপণ দাবির ঘটনায় নাটোরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)। তাঁদের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সিআইডি। তদন্তকারীদের ধারণা, লিবিয়ায় বাংলাদেশি নাগরিককে অপহরণ করে পরিবারের কাছ থেকে টাকা আদায়ের সঙ্গে তাঁরা জড়িত।
উন্নত জীবনের আশায় গিয়ে জিম্মি
সিআইডির তদন্ত অনুযায়ী, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মানমত বিপুজিপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে মো. সাইফুল (৩৯) প্রায় দুই বছর আগে পরিবারের সচ্ছলতার আশায় লিবিয়ায় যান। বাংলাদেশের সোহেল নামের এক এজেন্টের মাধ্যমে তিনি সেখানে পাড়ি জমান। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর মানব পাচারকারী চক্রের কবলে পড়ে জিম্মি হন তিনি।
২০২৫ সালের ৫ আগস্ট সাইফুলের স্ত্রী লিবিয়ার একটি নম্বর থেকে ফোন পান। ফোনে জানানো হয়, তাঁর স্বামীকে আটকে রাখা হয়েছে। তাঁকে মুক্তি দিতে ৩০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে সাইফুলকে হত্যা করার হুমকিও দেওয়া হয়।
ফোনকারীরা আরও জানায়, দাবির অন্তত অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত পরিবারের সদস্যদের সাইফুলের সঙ্গে কথা বলতে দেওয়া হবে না।
পাঁচ লাখ টাকা দিয়েও স্বামীর সঙ্গে কথা বলতে পারেননি স্ত্রী
১০ থেকে ২৫ আগস্টের মধ্যে সাইফুলের পরিবার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড়ের একটি বিকাশ এজেন্টের মাধ্যমে পাঁচ লাখ টাকা পাঠায়। ফোনকারীদের দেওয়া একাধিক মোবাইল নম্বরে কয়েক দফায় এই অর্থ পাঠানো হয়।
তবে টাকা পাওয়ার পরও অপহরণকারীরা সাইফুলের সঙ্গে তাঁর পরিবারের কাউকে কথা বলতে দেয়নি।
এরপর সোহেল পরিচয় দিয়ে এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, সাইফুলের বিষয়ে তাঁর কাছে তথ্য রয়েছে এবং নিজে লিবিয়ায় গিয়ে তাঁকে উদ্ধার করতে পারবেন। এ জন্য তিনি সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় দেখা করতে বলেন। কিন্তু স্ত্রী সেখানে পৌঁছানোর পর ওই ব্যক্তির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরে আরেক ব্যক্তি সাইফুলের ৭০ বছর বয়সী বাবা আবদুস সামাদের কাছে ফোন করে ৪২ লাখ টাকা দাবি করেন। টাকা দিলে ছেলেকে উদ্ধার করে দেওয়ার আশ্বাস দেন তিনি। ফোনকারী দাবি করেন, লিবিয়ায় মোকররম ও আনোয়ার নামের দুই ব্যক্তি সাইফুলকে আটকে রেখেছেন।
ছেলের সঙ্গে কথা বলার সুযোগ না দেওয়া পর্যন্ত আর কোনো টাকা দিতে রাজি হননি আবদুস সামাদ। এরপর তাঁর বা সাইফুলের স্ত্রীর কাছে আর কোনো ফোন আসেনি।
তদন্তে নেমেছে সিআইডি
এ ঘটনায় ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মামলা করেন আবদুস সামাদ। পরে মামলাটির তদন্তভার নেয় সিআইডি। তদন্তের অংশ হিসেবে তথ্য, আলামত ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করা, পাচারকারীদের ব্যবহৃত রুট সম্পর্কে তথ্য সংগ্রহ এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান শনাক্ত করে তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।












