১৯৯৪ সালে গৃহকর্মীর কাজ নিয়ে বাহরাইনে গিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইরের লিলুফা বেগম। ত্রিশ বছরের বেশি পর বুধবার তিনি দেশে ফিরেছেন, তবে সেই আগের মানুষটি হয়ে নয়। ৫৩ বছর বয়সী এই নারী ফিরেছেন মানসিক ভারসাম্য হারিয়ে। বিমানবন্দরে নামার পর নিজের ঠিকানা বা স্বজনদের নামও বলতে পারছিলেন না বাহরাইনফেরত লিলুফা বেগম। সেই রাতেই অবশ্য দুই বোনের কাছে ফিরেছেন তিনি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, বাহরাইনে যাওয়ার পর শুরুর কয়েক বছর তার পারিশ্রমিক আটকে রাখতেন দালাল। পরে অন্য জায়গায় কাজ নিয়ে বাড়িতে টাকা পাঠাতে শুরু করেন তিনি। প্রায় ১৬ বছর আগে ছুটিতে একবার দেশে এসেছিলেন, তারপর আবার ফিরে যান। পরে ধীরে ধীরে পরিবারের সঙ্গে যোগাযোগ কমে আসে। মাস তিনেক আগে বাহরাইনে থাকা ছোট ভাই দেশে এসে জানান, লিলুফা মানসিকভাবে অসুস্থ হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
বাহরাইনের পুলিশ রাস্তা থেকে তাকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র না থাকায় তাকে কারাগারে রাখা হয়। পরে ট্রাভেল পাস দিয়ে দেশে পাঠানো হয়। ফেরত পাঠানোর আগে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি বোনের দায়িত্ব নিতে রাজি হননি। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমানের কাছ থেকে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছে ব্র্যাক।
বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বাহরাইনফেরত লিলুফা বেগম। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক তাকে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করে। অ্যাম্বুলেন্সে করে তাকে উত্তরার ব্র্যাক লার্নিং সেন্টারে নেওয়া হয়। সেখানে দীর্ঘ কথাবার্তার পর তিনি জানান, তার বাড়ি সিংগাইরে। এই সূত্র ধরে ব্র্যাকের মানিকগঞ্জ কার্যালয়ের কর্মীরা তার দুই বোন মাজেদা বেগম ও শামসুন্নাহারকে খুঁজে পান। সেই রাতেই দুই বোন ঢাকায় এসে লিলুফাকে বুঝে নেন।
বাহরাইনফেরত লিলুফা বেগমের গল্প বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজে যাওয়া অনেক নারীই অসুস্থ বা সহায়হীন অবস্থায় ফেরেন। ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির সহযোগী পরিচালক শরিফুল হাসান এমন প্রবাসীদের চিকিৎসা, যত্ন ও পুনর্বাসনের জন্য একটি কার্যকর ও সমন্বিত সরকারি-বেসরকারি কাঠামোর দাবি জানিয়েছেন। পরিবার খুঁজে পাওয়া না গেলে এই মানুষদের কোথায় ঠাঁই হবে, সেই প্রশ্ন এখনো অমীমাংসিত। ব্র্যাক জানিয়েছে, লিলুফার চিকিৎসা নিশ্চিত করতে তারা পাশে থাকবে। বত্রিশ বছর পর ঘরে ফিরলেও তার সুস্থ জীবনে ফেরার পথ এখনো লম্বা।












