তাইওয়ানের সঙ্গে চীনের পুনরেকত্রীকরণের আহ্বান আবারও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এবারও তিনি সরাসরি সামরিক শক্তি প্রয়োগের কথা উল্লেখ করেননি। বৃহস্পতিবার এক ভাষণে তিনি বলেন, মাতৃভূমির পূর্ণাঙ্গ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং তা বাস্তবায়ন সম্ভব।
১৯১১ সালের বিপ্লবের অন্যতম নেতা ও চীনের রাজনৈতিক ব্যক্তিত্ব সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শি। ওই বিপ্লবের মধ্য দিয়ে চীনের সাম্রাজ্যিক শাসনের অবসান ঘটে এবং চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়।
শি জিনপিংয়ের বক্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ান সরকার। তারা স্পষ্ট করে বলেছে, চীনের কমিউনিস্ট পার্টির শাসন মেনে নিতে রাজি নয় তাইওয়ান।
তাইওয়ান নিয়ে বিরোধের সূত্রপাত যেভাবে
১৯১২ সালে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর ১৯২৭ সালে দেশটিতে জাতীয়তাবাদী ও কমিউনিস্টদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাপানের দখলদারত্বের অবসানের পর মাও সেতুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট বাহিনী যুদ্ধে সুবিধাজনক অবস্থানে পৌঁছায়।
১৯৪৯ সালে পরাজিত জাতীয়তাবাদীরা তাইওয়ান দ্বীপে আশ্রয় নেয়। এরপর মূল ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী চীন। অন্যদিকে তাইওয়ানে টিকে থাকে চীন প্রজাতন্ত্রের সরকার।
এরপর থেকে মূল ভূখণ্ডের গণপ্রজাতন্ত্রী চীন এবং তাইওয়ানের চীন প্রজাতন্ত্র—উভয় পক্ষই সান ইয়াত-সেনের রাজনৈতিক উত্তরাধিকারের দাবিদার।
আন্তর্জাতিক অঙ্গনে অধিকাংশ দেশ ‘এক চীন নীতি’র আওতায় মূল ভূখণ্ডের চীনকেই একমাত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তবে অনেক দেশ তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বজায় রেখেছে। দ্বীপটি নিজস্ব সরকারব্যবস্থায় পরিচালিত একটি গণতান্ত্রিক ভূখণ্ড।
পুনরেকত্রীকরণ নিয়ে শির অবস্থান
সান ইয়াত-সেনের স্মরণে দেওয়া ভাষণের বড় অংশজুড়ে তাঁর রাজনৈতিক অবদান থাকলেও তাইওয়ান নিয়ে শি জিনপিংয়ের বক্তব্যই আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে।
চীনা প্রেসিডেন্ট বলেন, তাইওয়ানের পুনরেকত্রীকরণ কমিউনিস্ট পার্টির জন্য একটি অবিচল ঐতিহাসিক দায়িত্ব। তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
শি বলেন, পুনরেকত্রীকরণের ক্ষেত্রে তাইওয়ানের বাস্তব পরিস্থিতি, সেখানকার মানুষের স্বার্থ ও অনুভূতিকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, সান ইয়াত-সেন সব সময় দেশের ঐক্য ও জাতিগত সংহতির পক্ষে ছিলেন। দেশ বা জাতিকে বিভক্ত করার মতো বক্তব্য ও কর্মকাণ্ডের বিরোধিতা করেছিলেন তিনি।
এবারের ভাষণে সামরিক শক্তি ব্যবহারের প্রসঙ্গ না তুললেও অতীতে একাধিকবার শি জিনপিং বলেছেন, তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি উড়িয়ে দেবে না বেইজিং।
শির বক্তব্যের প্রতিক্রিয়ায় তাইওয়ানের মূল ভূখণ্ডবিষয়ক পরিষদ জানায়, দেশটির সরকার কিংবা জনগণ কেউই বেইজিংয়ের শাসন মেনে নেবে না।
পরিষদের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়ে সাংবাদিকদের বলেন, তাইওয়ানের পুনরেকত্রীকরণ নিয়ে চীনের এবারের বক্তব্য আগের অবস্থান থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা নয়।
তাইওয়ানের ওপর বাড়ছে চীনের সামরিক চাপ
চীনের শেনজেন শহরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের আগে শি জিনপিংয়ের এই বক্তব্য এল। সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। চীনের দাবি মোকাবিলায় দ্বীপটিকে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে ওয়াশিংটন।
অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান দ্বীপ এবং তাইওয়ান প্রণালির আশপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। এসব কর্মকাণ্ডকে তাইপেকে চাপে রাখার পাশাপাশি সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।
বৃহস্পতিবার তাইওয়ান জানিয়েছে, চীনা যুদ্ধজাহাজের পাশাপাশি দেশটির যুদ্ধবিমান ও চালকবিহীন আকাশযান দ্বীপটির আশপাশে ‘সমন্বিত যুদ্ধপ্রস্তুতি টহল’ শুরু করেছে।
চীনের পুনরেকত্রীকরণের দাবি, তাইওয়ানের স্বাধীন অবস্থান বজায় রাখার প্রত্যয় এবং যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থন—সব মিলিয়ে তাইওয়ান প্রণালিকে ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে।












