শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের আওতাধীন খেজুরীছড়া চা বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এতে বাগানের হাজারো চা শ্রমিক কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (এস্টেটস) স্বাক্ষরিত এক নোটিশে কারখানা ও বাগান বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক গোলাম শিবলী।
শ্রমিকদের বিরুদ্ধে হুমকি ও কর্মবিরতির অভিযোগ
কোম্পানির নোটিশে বলা হয়েছে, গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত খেজুরীছড়া চা বাগান ও কারখানার শ্রমিকরা পূর্বঘোষণা ছাড়াই বেআইনিভাবে ধর্মঘট পালন করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা এবং কেন্দ্রীয় ওয়ার্কশপ ও স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি দিয়ে কর্মস্থল থেকে বের করে নিয়ে আসেন।
এতে বাগানে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। এমন পরিবেশে বাগানের কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়ায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশ অনুযায়ী, বন্ধ চলাকালে ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকরা কোনো মজুরি পাবেন না। তবে জরুরি সেবা ও সম্পত্তি রক্ষার স্বার্থে পলিপ্যাক কারখানা, ডিনস্টন কেন্দ্রীয় ওয়ার্কশপ ও স্টোর, বাগাল, চৌকিদার, বাংলো, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এবং চিকিৎসা বিভাগে কর্মরত স্থায়ী শ্রমিকরা এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন।
মন্দির নির্মাণ নিয়ে বিরোধের সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিনস্টন চা বাগানের ভেতরে অনুমতি ছাড়াই একটি মন্দির নির্মাণের কাজ শুরু করেন স্থানীয় চা শ্রমিকরা। এ সময় বাগানের উপমহাব্যবস্থাপক হুমায়ুন কবির নির্মাণকাজে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা উপমহাব্যবস্থাপকের প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি শুরু করেন।
পরিস্থিতি সামাল দিতে পরে বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিক নেতাদের মধ্যে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্যত্র বদলি বা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকদের ক্ষোভ আরও বাড়ে।
একপর্যায়ে নতুন করে আন্দোলন ও হুমকি-ধমকির অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত বাগান ও কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
অনিশ্চয়তায় হাজারো শ্রমিকের জীবিকা
বাগান বন্ধের ঘটনায় শ্রমিক ও তাঁদের পরিবারের মধ্যে আর্থিক অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকলে দৈনিক মজুরির ওপর নির্ভরশীল শ্রমিকদের জীবনযাত্রা মারাত্মক সংকটে পড়তে পারে।
স্থানীয় সচেতন মহল ও শ্রমিক নেতারা উভয় পক্ষের মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। তাঁদের দাবি, শ্রমিকদের জীবিকা ও পরিবারের আর্থিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত বাগান ও কারখানার কার্যক্রম চালু করতে হবে।












