খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গুলিতে নিহত হয়েছেন বিএনপির এক নেতা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে জেলার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান মো. জাকির হোসেন (৪৩)।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
দোকানে বসে ছিলেন, মাথায় গুলি করে হত্যা
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে কয়েকজনের সঙ্গে বসে কথা বলছিলেন জাকির হোসেন। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জাকিরের মৃত্যুর খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।
বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন জাকির
পুলিশ জানায়, নিহত জাকির হোসেন পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন। তিনি রূপসা থানার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল জলিল শেখ।
জাকির ওই ইউনিয়নের বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তার ছোট ভাই বর্তমানে রূপসা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান, জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে তদন্ত ও আইনগত কার্যক্রম চলছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুম খান জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।
আইনশৃঙ্খলা কমিটির সভার পরই হত্যাকাণ্ড
এদিকে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে সভা শেষ হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যেকোনো মূল্যে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রয়োজনে সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা করা হয়।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার পর আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে ওই বৈঠক শেষ হয়। সেখানেও অবনতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এরপর রাত ১০টা ২০ মিনিটের দিকে রূপসায় বিএনপি নেতা জাকির হোসেন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
খুলনায় হত্যাকাণ্ড ৭৮টি
প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুলনায় চলতি সময়ে মোট হত্যাকাণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮টিতে। এর মধ্যে খুলনা জেলায় ৪০টি এবং খুলনা মহানগরীতে ৩৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।












