বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারত সরকার। কঠোর সন্ত্রাসবিরোধী আইন বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর আওতায় এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করে। এর ফলে প্রতিষ্ঠানটির ওপর ২০১৬ সালে আরোপিত নিষেধাজ্ঞা টানা চতুর্থ দফায় কার্যকর থাকছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাকেশ রাঠির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইআরএফ এবং এর প্রতিষ্ঠাতা সভাপতি জাকির আবদুল করিম নায়েক বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, বিদ্বেষ ও অসন্তোষ ছড়িয়ে দিতে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করে আসছে।
বিজ্ঞপ্তিতে জাকির নায়েকের বক্তব্য ও বক্তৃতাকে আপত্তিকর এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানিমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তিনি বিশ্বজুড়ে লাখো মানুষের উদ্দেশে উগ্রবাদী বক্তব্য দিয়েছেন। পাশাপাশি আইআরএফের কর্মকাণ্ড ভারতের জাতীয় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে।
২০১৬ সাল থেকে নিষেধাজ্ঞার আওতায় আইআরএফ
২০১৬ সালের নভেম্বরে প্রথমবারের মতো জাকির নায়েক ও তাঁর প্রতিষ্ঠান আইআরএফের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। পরবর্তী সময়ে ২০২১ সালে নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। শুক্রবারের নতুন আদেশটি আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার ঠিক এক দিন আগে জারি করা হয়েছে।
২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হওয়ার দাবি করার পরপরই তিনি ভারত ছেড়ে চলে যান।
মালয়েশিয়ায় বসবাস, প্রত্যর্পণের চেষ্টা ভারতের
জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সরকারের সময় তিনি সেখানে স্থায়ী বসবাসের অনুমতি পান।
অর্থ পাচার ও উগ্রবাদে উসকানি দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি করতে ভারত একাধিকবার মালয়েশিয়ার কাছে তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।
এদিকে, ২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন জাকির নায়েক। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও তিনি পাকিস্তান সফর করেন।












