যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে মন্দার চাপ আরও গভীর হয়েছে। উচ্চ বন্ধকি ঋণ, বাড়ির রেকর্ড পরিমাণ দাম এবং ক্রেতাদের অনাগ্রহের কারণে গত অক্টোবরে দেশটিতে বিদ্যমান বাড়ি বিক্রি কমে ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এর মধ্য দিয়ে টানা চার বছরের বেশি সময় ধরে দুর্বল অবস্থায় থাকা আবাসন বাজারে নতুন করে হতাশা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের (এনএআর) বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, অক্টোবরে আগের মাসের তুলনায় বিদ্যমান বাড়ি বিক্রি ৫ দশমিক ৫ শতাংশ কমে বার্ষিক হিসাবে ৩৭ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে। জানুয়ারির পর এটিই সবচেয়ে বড় মাসিক পতন। ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে অর্থনীতিবিদেরা বিক্রি ৩ দশমিক ৮ শতাংশ কমার পূর্বাভাস দিয়েছিলেন।
গত বছরের অক্টোবরের তুলনায় বাড়ি বিক্রি কমেছে ৮ দশমিক ৮ শতাংশ। ২০২৩ সালের পর এটিই সবচেয়ে বড় বার্ষিক পতন। এর আগে সর্বশেষ ২০১০ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রি এত নিচে নেমেছিল। তখন দেশটির অর্থনীতি আবাসন খাতের বিপর্যয় ও পরবর্তী মন্দার ধাক্কা সামলাচ্ছিল।
বন্ধকি ঋণের সুদ বাড়ায় ক্রেতারা পিছিয়ে
অক্টোবরের বিক্রির পরিসংখ্যান মূলত সেপ্টেম্বরে স্বাক্ষরিত বাড়ি কেনার চুক্তির প্রতিফলন। ওই মাসে বন্ডবাজারে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হলে বন্ধকি ঋণের সুদের হার আবার ৭ শতাংশ ছাড়িয়ে যায়। এরপর থেকেই বাড়ি দেখার আয়োজনগুলোতে ক্রেতাদের উপস্থিতি কমেছে এবং অনেকেই বাড়ি খোঁজা বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন আবাসন এজেন্ট ও ঋণদাতারা।
অক্টোবরেও ঋণের সুদের হার আরও বেড়েছে। ফলে আগামী মাসগুলোতে বাড়ি বিক্রির পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বছরের শুরুতে আবাসন বাজার ঘুরে দাঁড়ানোর যে প্রত্যাশা ছিল, সেটিও এখন অনেকটাই ম্লান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বন্ধকি ঋণের সুদের হার সাময়িকভাবে ৬ শতাংশের নিচে নেমে এসেছিল। এতে ক্রেতাদের মধ্যে বাড়ি কেনার আগ্রহ বাড়ে এবং বাজারে পুনরুদ্ধারের আশা তৈরি হয়েছিল। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর সুদের হার আবার বাড়তে শুরু করে। দীর্ঘায়িত যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠানগুলোর বিপুল ব্যয় মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাড়ির দাম কমছে না, বরং বাড়ছে
বিক্রি কমলেও বাড়ির দাম এখনো ঊর্ধ্বমুখী। অক্টোবরে যুক্তরাষ্ট্রে বিদ্যমান বাড়ির মধ্যম বিক্রয়মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলারে দাঁড়িয়েছে।
বন্ধকি ঋণের উচ্চ সুদের কারণে ক্রেতার চাহিদা কমলেও বাড়ির দাম উল্লেখযোগ্যভাবে কমছে না। এর একটি কারণ, আগে কম সুদে ঋণ নেওয়া বাড়ির মালিকেরা নতুন করে বেশি সুদে ঋণ নিতে চান না। ফলে তাঁরা বাড়ি বিক্রি করতে অনাগ্রহী হচ্ছেন এবং বাজারে বিক্রির জন্য বাড়ির সরবরাহও সীমিত থাকছে।
ডেনভারের আবাসন এজেন্ট ক্রিস্টিনা রে বলেন, রেকর্ড পরিমাণ বাড়ির দাম এবং একই সঙ্গে উচ্চ সুদের হার—এই দুই পরিস্থিতি নিয়ে আবাসন বাজার এখন এক অস্বাভাবিক অবস্থার মুখোমুখি।
২০২৭ সালেও ঘুরে দাঁড়ানোর আশা কম
অর্থনীতিবিদদের ধারণা, আগামী বছরও বন্ধকি ঋণের সুদের হার তুলনামূলক বেশি থাকতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভকে স্বল্পমেয়াদি সুদের হার বাড়ানোর চাপের মুখে থাকতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, অক্টোবরে ভোক্তা মূল্যসূচক শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা প্রত্যাশার চেয়ে বেশি। এর ফলে বন্ধকি ঋণের সুদের হারের সঙ্গে সম্পর্কিত ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফাও বেড়েছে।
গোল্ডম্যান স্যাকস রিসার্চের অর্থনীতিবিদেরা ২০২৭ সালে বিদ্যমান বাড়ি বিক্রির সংখ্যা ৩৯ লাখে সীমিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন। মহামারির আগে যুক্তরাষ্ট্রে বছরে পাঁচ কোটির বেশি নয়, বরং ৫০ লাখেরও বেশি বাড়ি বিক্রি হতো। সর্বশেষ ১৯৯৫ সালে পুরো বছরে বাড়ি বিক্রির সংখ্যা ৪০ লাখের নিচে নেমেছিল।
ক্রেতা কমায় দরকষাকষিতে সুবিধা
বাজারে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় যাঁরা বাড়ি কেনার সামর্থ্য রাখছেন, তাঁদের দরকষাকষির সুযোগ বাড়ছে। অনেক বিক্রেতা ক্রেতাদের আকৃষ্ট করতে মূল্যছাড় দিচ্ছেন কিংবা বন্ধকি ঋণের সুদের চাপ কমাতে আর্থিক সুবিধা দিচ্ছেন।
ক্রিস্টিনা রে জানিয়েছেন, ডেনভারে অক্টোবরে সম্পন্ন হওয়া বাড়ি বিক্রির ৬৫ শতাংশ ক্ষেত্রেই বিক্রেতারা ক্রেতাদের কিছু না কিছু ছাড় দিয়েছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম আরকানসাস এলাকায় জন ক্রুগার ক্রেতার স্বল্প প্রতিযোগিতার সুযোগ কাজে লাগিয়েছেন। ৫ লাখ ৪০ হাজার ডলারে তালিকাভুক্ত একটি বাড়ি তিনি গত মাসে ৪ লাখ ৯০ হাজার ডলারে কিনেছেন। আর্থিক সেবা খাতে চাকরির সুবাদে তিনি প্রাথমিকভাবে ৬ দশমিক ১৫ শতাংশ সুদে পরিবর্তনশীল হারের বন্ধকি ঋণও পেয়েছেন।
তাঁর ভাষায়, বাড়ির দাম এখন অনেক মানুষের নাগালের বাইরে। বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি বুঝেছিলেন, বাড়িটি কেনার জন্য খুব বেশি প্রতিযোগিতা থাকবে না।












