চট্টগ্রামের বাঁশখালীতে একটি বাড়ি থেকে এক ব্যক্তি ও তাঁর সাত মাস বয়সী যমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে শ্বশুরবাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. জাহেদ (৫৫)। তিনি বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম বদিউল আলমের ছেলে। তাঁর দুই শিশুকন্যার নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।
পুলিশ জানায়, বাড়ির ভেতরে একটি কংক্রিটের খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহেদের মরদেহ পাওয়া যায়। অন্যদিকে, ঘরের ভেতরে একটি বিছানা থেকে উদ্ধার করা হয় দুই শিশুর মরদেহ। বাড়িটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
জাহেদের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার দুপুরের দিকে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য তিনি যমজ দুই মেয়েকে স্বামীর কাছে রেখে যান। বিকেলে ফিরে এসে বাড়ির দরজা বন্ধ দেখতে পান। পরে প্রতিবেশীরা জরুরি সেবায় খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ অথবা মানসিক অবসাদকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করছে পুলিশ। এ ঘটনায় জাহেদের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।












