দীপাবলিতে একসঙ্গে উদ্যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই টালিউডে নতুন আলোচনা শুরু হয়েছে। অভিনেতা দেবের পরবর্তী সিনেমা ‘টনিক ২’-এ কি নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী সোহিনী গুহ রায়কে? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সোহিনী নিজেই। তবে এখনো নিশ্চিত করে কিছু জানাননি তিনি।
সম্প্রতি কালীপূজা ও দীপাবলি উদ্যাপনে দেবের সঙ্গে দেখা যায় সোহিনীকে। একসঙ্গে বাজি পোড়ানোর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। এরপর থেকেই দুজনের একসঙ্গে নতুন সিনেমায় অভিনয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।
দেবের পরবর্তী সিনেমা ‘টনিক ২’। গত পূজায় মুক্তি পাওয়া ‘দেশু ৭’-এর প্রচারণা শেষ করে নরওয়ে ভ্রমণে গিয়েছিলেন অভিনেতা। দেশে ফিরে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি জানান, পরবর্তী কাজ হিসেবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচার পরিকল্পনা চলছে। এরপর শুরু হবে ‘টনিক ২’-এর কাজ।
জল্পনা নিয়ে যা বললেন সোহিনী
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাওয়া ‘মৃগয়া ১.৫’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সোহিনী। সিনেমাটিতে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সেখানে দেবের সঙ্গে দীপাবলি উদ্যাপন এবং ‘টনিক ২’-এ অভিনয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সোহিনী বলেন, একসঙ্গে দীপাবলি উদ্যাপনের একটি মুহূর্তই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এর অর্থ এই নয় যে তাঁরা একসঙ্গে কাজ করছেন।
তবে সম্ভাবনাও উড়িয়ে দেননি অভিনেত্রী। তাঁর ভাষায়, একসঙ্গে কাজ হতেও পারে, আবার নাও হতে পারে। সময়ই সব প্রশ্নের উত্তর দেবে।
দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে যে তিনি আনন্দিত হবেন, সেটিও স্পষ্ট করেছেন সোহিনী। দেবকে সবার পছন্দের তারকা উল্লেখ করে তিনি বলেন, এমন সুযোগ পেলে তাঁর ভালো লাগবে।
নতুন জুটির জন্য অপেক্ষা
জানা গেছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচার ও মুক্তির পর জন্মদিন উদ্যাপন শেষে নতুন বছরে ‘টনিক ২’-এর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে দেবের।
সিনেমাটিতে দেবের সঙ্গে পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটি থাকার কথা রয়েছে। তবে সোহিনী গুহ রায় এই সিনেমায় যুক্ত হচ্ছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে নতুন এই জুটির সম্ভাবনা নিয়ে টালিউডের দর্শকদের অপেক্ষা করতে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।












