নারীদের হৃদ্রোগের ঝুঁকি শুধু বয়স বাড়ার সঙ্গে সম্পর্কিত নয়, এর পেছনে রয়েছে হরমোনের পরিবর্তন, মাসিকের অনিয়ম, গর্ভাবস্থার জটিলতা এবং মেনোপজের মতো গুরুত্বপূর্ণ বিষয়। শৈশব থেকে শুরু করে জীবনের প্রতিটি পর্যায়ে এসব পরিবর্তন নারীর হৃদ্যন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে। অথচ হৃদ্রোগ নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলেও অর্ধেকের বেশি নারী বিষয়টিকে নিজেদের সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচনা করেন না।
বিশেষজ্ঞদের মতে, নারীদের হৃদ্স্বাস্থ্য রক্ষায় শুধু রক্তচাপ ও কোলেস্টেরল পরীক্ষা করলেই যথেষ্ট নয়। প্রজননস্বাস্থ্য, মাসিকের ইতিহাস, গর্ভাবস্থার জটিলতা এবং মানসিক সুস্থতার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
শৈশব থেকেই হৃদ্স্বাস্থ্যের যত্ন জরুরি
নারীদের হৃদ্রোগের ঝুঁকি বোঝার জন্য জীবনের বিভিন্ন পর্যায়কে আলাদাভাবে বিবেচনা করার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। নতুন চিকিৎসা নির্দেশনায় শৈশব, কৈশোর, গর্ভাবস্থা এবং মেনোপজের আগের ও পরের সময়কে হৃদ্স্বাস্থ্য পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শিশুকাল থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন। খাবারে ফল, শাকসবজি ও পূর্ণ শস্য রাখতে হবে। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, প্রাণিজ চর্বি এবং চিনিযুক্ত পানীয় কমানো জরুরি।
পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রম ও পর্যাপ্ত ঘুমের অভ্যাস তৈরি করতে হবে। এগুলো শুধু শিশুর স্বাভাবিক বিকাশের জন্য নয়, ভবিষ্যতে স্থূলতা, ডায়াবেটিস ও হৃদ্রোগের ঝুঁকি কমাতেও সহায়তা করে।
পরিবারে অল্প বয়সে হৃদ্রোগ, হার্ট অ্যাটাক বা উচ্চ কোলেস্টেরলের ইতিহাস থাকলে শিশুর কোলেস্টেরল পরীক্ষা করানোও গুরুত্বপূর্ণ।
কৈশোরে মাসিকের অনিয়মও হতে পারে সতর্কসংকেত
মেয়েদের প্রথম মাসিক ১০ বছর বয়সের আগে শুরু হলে প্রাপ্তবয়স্ক অবস্থায় হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে। এর সঙ্গে শরীরের ওজন, হরমোনের ভারসাম্য এবং বিপাকীয় সমস্যার সম্পর্ক থাকতে পারে।
মাসিক অনিয়মিত হওয়া, অতিরিক্ত রক্তপাত কিংবা দীর্ঘদিন ধরে মাসিকের সমস্যাকে স্বাভাবিক ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়।
বিশেষজ্ঞদের মতে, প্রথম মাসিকের পর কয়েক বছর মাসিকের সময় কিছুটা অনিয়ম থাকতে পারে। তবে অতিরিক্ত রক্তপাত, ঘন ঘন মাসিক হওয়া কিংবা এমন রক্তপাত, যার কারণে স্কুল বা স্বাভাবিক কাজকর্ম বন্ধ রাখতে হয়, তা চিকিৎসকের পরামর্শ নেওয়ার কারণ।
পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মতো হরমোনজনিত সমস্যাও হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে। এ ধরনের সমস্যায় শরীরের অভ্যন্তরীণ চর্বি ও ইনসুলিন প্রতিরোধের মাত্রা বেড়ে যেতে পারে।
মানসিক চাপ ও ঘুমের সমস্যাও বাড়ায় ঝুঁকি
নারীদের হৃদ্স্বাস্থ্যের সঙ্গে মানসিক সুস্থতারও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিষণ্নতা, শরীর নিয়ে নেতিবাচক ধারণা এবং খাদ্যাভ্যাসের সমস্যা দীর্ঘমেয়াদে হৃদ্যন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে।
মানসিক চাপের কারণে ঘুমের ব্যাঘাত ঘটলে নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের অভ্যাসও ক্ষতিগ্রস্ত হয়। ফলে হৃদ্রোগের ঝুঁকি আরও বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, মেয়েদের মানসিক অবস্থার পরিবর্তনকে শুধু সাময়িক সমস্যা হিসেবে দেখা উচিত নয়। কখনো কখনো এসব পরিবর্তন ভবিষ্যতের হৃদ্স্বাস্থ্যঝুঁকির আগাম ইঙ্গিত দিতে পারে।
গর্ভাবস্থার জটিলতা ভবিষ্যতের হৃদ্রোগের সংকেত
গর্ভাবস্থায় নারীর শরীরের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এ সময় আগে থেকে শনাক্ত না হওয়া হৃদ্রোগ প্রকাশ পেতে পারে। এমনকি সুস্থ নারীরও হৃদ্যন্ত্রের পেশি দুর্বল হয়ে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, গর্ভকালীন ডায়াবেটিস, শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া কিংবা নির্ধারিত সময়ের আগে সন্তান জন্ম দেওয়ার মতো ঘটনা ভবিষ্যতে হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে।
সন্তান জন্মের পরও সতর্ক থাকা জরুরি। বিশেষ করে প্রসবের পর প্রথম এক বছর শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অতিরিক্ত ক্লান্তি কিংবা পা ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়।
এসব উপসর্গকে নতুন মা হওয়ার স্বাভাবিক ক্লান্তি ভেবে এড়িয়ে গেলে বিপদ বাড়তে পারে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
মেনোপজের আগে থেকেই বদলাতে থাকে হৃদ্স্বাস্থ্য
মেনোপজের প্রায় চার থেকে সাত বছর আগে নারীর শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে শুরু করে। এই সময়কে পেরিমেনোপজ বলা হয়।
ইস্ট্রোজেন হৃদ্যন্ত্র ও রক্তনালির সুরক্ষায় ভূমিকা রাখে। হরমোনটির মাত্রা কমে গেলে ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএল বেড়ে যেতে পারে। একই সঙ্গে ধমনির নমনীয়তা কমে এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গের চারপাশে চর্বি জমার প্রবণতা বাড়ে।
এ সময় অনেক নারী ঘুমের সমস্যা, রাতে অতিরিক্ত ঘাম এবং মেজাজের পরিবর্তনের মুখোমুখি হন। এসব সমস্যাও পরোক্ষভাবে হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে।
তাই মেনোপজের আগেই রক্তচাপ, কোলেস্টেরল ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি পরীক্ষা করা প্রয়োজন। উপসর্গ অনুযায়ী চিকিৎসকের পরামর্শে হরমোনভিত্তিক চিকিৎসা কিংবা আচরণগত চিকিৎসাও নেওয়া যেতে পারে।
মেনোপজের পর পুরুষদের সমান হতে পারে ঝুঁকি
সাধারণত নারীদের হৃদ্রোগের ঝুঁকি পুরুষদের তুলনায় কম থাকে। কিন্তু মেনোপজের পর ইস্ট্রোজেনের সুরক্ষামূলক প্রভাব কমে যাওয়ায় পরিস্থিতি বদলে যায়।
পরবর্তী বছরগুলোতে নারীদের হৃদ্রোগের ঝুঁকি দ্রুত বাড়তে থাকে এবং একপর্যায়ে পুরুষদের ঝুঁকির সমান বা তার চেয়েও বেশি হতে পারে।
এ ক্ষেত্রে বয়স, বংশগত ইতিহাস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, ধূমপান এবং খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, জীবনের প্রতিটি পর্যায়ে নারীর স্বাস্থ্যগত ইতিহাস সংরক্ষণ করা প্রয়োজন। প্রথম মাসিকের বয়স, মাসিকের অনিয়ম, গর্ভাবস্থার জটিলতা এবং ৪৫ বছরের আগে মেনোপজ হওয়া—সবকিছুই ভবিষ্যতের হৃদ্রোগের ঝুঁকি নির্ধারণে গুরুত্বপূর্ণ তথ্য।
নারীদের হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় তাই সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। বয়স বাড়ার পর চিকিৎসা শুরু করার পরিবর্তে শৈশব থেকেই ঝুঁকি শনাক্ত করতে পারলে ভবিষ্যতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কা কমানো সম্ভব।












