বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের পর মাইক্রোসফটের সব সেবা পুরোপুরি সচল হয়েছে। শুক্রবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের জনপ্রিয় সফটওয়্যার ও অনলাইন সেবাগুলোতে প্রবেশাধিকার স্বাভাবিক হয়েছে। এর আগে কয়েক ঘণ্টার এই বিপর্যয়ে ৭০টির বেশি দেশের সরকারি দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও সাধারণ ব্যবহারকারীরা সমস্যায় পড়েন।
বিপর্যয়ের কারণে মাইক্রোসফট ৩৬৫-এর আউটলুক, টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোপাইলট সেবা ব্যাহত হয়। অনেক ব্যবহারকারী সভার আমন্ত্রণ পাননি, ই-মেইল আটকে যায় এবং ওয়েবসাইটের বিভিন্ন পৃষ্ঠা কাজ করা বন্ধ করে দেয়। শুক্রবার প্রতিষ্ঠানটি জানায়, আটকে থাকা ই-মেইল বার্তাগুলোও প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়েছে। ফলে সমস্যার সমাধান হয়েছে।
৭০টির বেশি দেশে বিপর্যয়ের প্রভাব
বিভিন্ন দেশের ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিসেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, ৭০টির বেশি দেশ থেকে মাইক্রোসফটের সেবা নিয়ে সমস্যার খবর এসেছে। অভিযোগের সংখ্যা কয়েক লাখে পৌঁছায়।
টোকিও, লন্ডন থেকে নিউইয়র্ক—বিভিন্ন শহরের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা স্বাভাবিক কাজ চালিয়ে যেতে সমস্যায় পড়েন। অনেককে ই-মেইল ও অনলাইন যোগাযোগের পরিবর্তে টেলিফোন এবং কাগজের নথির মতো প্রচলিত পদ্ধতির আশ্রয় নিতে হয়।
যুক্তরাষ্ট্রের কিছু প্রতিষ্ঠানে কর্মীরা আউটলুক বন্ধ থাকাকে সাময়িক স্বস্তি হিসেবে দেখেছেন। নিয়মিত ই-মেইলের চাপ না থাকায় কেউ কেউ অন্য কাজে মনোযোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। আবার যাঁদের কাজের প্রায় পুরোটাই ই-মেইলনির্ভর, তাঁদের কেউ কেউ অফিস ছেড়ে যোগব্যায়ামের ক্লাসেও গেছেন।
হাসপাতাল ও ব্যবসায়ও ব্যাহত কার্যক্রম
এই বিপর্যয়ের প্রভাব শুধু অফিসের কাজে সীমাবদ্ধ ছিল না। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ এনএইচএসকে কিছু চিকিৎসাসেবা ও নির্ধারিত কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের আরাপাহো কাউন্টিতে ই-মেইল যোগাযোগে সমস্যা হওয়ায় শেরিফের কার্যালয় অনলাইনে জামিনের অর্থ গ্রহণ করতে পারেনি। ফলে কারাগার থেকে বন্দীদের জামিনে মুক্তির প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। বিকল্প হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরাসরি কারাগারে গিয়ে জামিনের অর্থ জমা দিতে বলা হয়।
জাপানে সরকারি মন্ত্রণালয়গুলো সাংবাদিকদের দৈনন্দিন কর্মসূচি জানাতে অনলাইন ব্যবস্থার পরিবর্তে কাগজে লেখা বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়।
সুইজারল্যান্ডের বিলাসপণ্য প্রতিষ্ঠান রিচমন্ট এবং যুক্তরাষ্ট্রের ট্রাক ও বাস নির্মাতা ওয়ার্কহর্স গ্রুপও আর্থিক ফলাফল প্রকাশের সময় পিছিয়ে দিতে বাধ্য হয়।
কী কারণে বিপর্যয়, সমাধানে হাজার প্রকৌশলী
মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর কাজের সময় একটি ত্রুটি তৈরি হয়েছিল। তবে প্রতিষ্ঠানটি শুরুতে সমস্যার প্রকৃত কারণ শনাক্ত করতে হিমশিম খায়।
মাইক্রোসফটের এক হাজারের বেশি প্রকৌশলী ও কর্মী সমস্যা সমাধানে কাজ করেন। ক্লাউড বিভাগের প্রধান স্কট গুথরি এবং মাইক্রোসফট ৩৬৫ ও কর্মক্ষেত্রের সফটওয়্যার বিভাগের দায়িত্বে থাকা চার্লস লামান্নার নেতৃত্বে একাধিক অনলাইন বৈঠক হয়। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলে এই প্রচেষ্টা।
প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, মাইক্রোসফট ৩৬৫-এর ই-মেইল ও ক্যালেন্ডার ব্যবস্থার মূল অবকাঠামো এক্সচেঞ্জ সার্ভার চালু হওয়ার পর দ্রুত সব সম্পদ ব্যবহার করে ফেলছিল। এতে সার্ভারটি অকার্যকর হয়ে পড়ছিল। প্রকৌশলীরা সম্ভাব্য বিভিন্ন কারিগরি কারণ পরীক্ষা করেন। এর মধ্যে ডেটাবেজে অস্বাভাবিক ট্রাফিক পাঠানো এবং অ্যাজুর ক্লাউড নেটওয়ার্কের কনফিগারেশনজনিত সমস্যার বিষয়ও ছিল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে কোনো ধরনের সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের সঙ্গেও বিপর্যয়ের সম্পর্ক ছিল না।
এক প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি
মাইক্রোসফটের এই বিপর্যয় আবারও একটি প্রতিষ্ঠানের প্রযুক্তিসেবার ওপর বিশ্বজুড়ে অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি সামনে এনেছে। প্রতিষ্ঠানটির মাইক্রোসফট ৩৬৫ সফটওয়্যার প্যাকেজের বাণিজ্যিক ব্যবহারকারী ৪৫ কোটির বেশি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজের বড় অংশ এই ব্যবস্থার ওপর নির্ভরশীল।
মাইক্রোসফট জানিয়েছে, গ্রাহকদের দৈনন্দিন কাজের জন্য তাদের সেবার গুরুত্ব তারা বোঝে এবং এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের কাছে দুঃখ প্রকাশ করছে। ভবিষ্যতে একই ধরনের সমস্যা ঠেকাতে কী পরিবর্তন প্রয়োজন, তা পর্যালোচনা করা হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে শেয়ারবাজারে বড় কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। মাইক্রোসফটের শেয়ারের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। বিশ্লেষকদের ধারণা, প্রতিষ্ঠানটির সফটওয়্যার বদলে অন্য ব্যবস্থায় যাওয়ার খরচ ও জটিলতা অনেক বেশি। তবে দীর্ঘ মেয়াদে এ ধরনের বিপর্যয় গ্রাহকদের গুগল ওয়ার্কস্পেসসহ বিকল্প সেবার প্রতি আগ্রহী করে তুলতে পারে।












