ইস্পাত, উড়োজাহাজ ও ভারী শিল্পের গণ্ডি পেরিয়ে এবার পোশাকসহ ভোক্তাপণ্যের উৎপাদনেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াচ্ছে চীন। বাজারে কোনো পোশাক পৌঁছানোর আগেই ভোক্তার পছন্দ বিশ্লেষণ, নকশা তৈরি থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে কাজ করছে এআই। মানুষের দক্ষতার সঙ্গে প্রযুক্তির সমন্বয়ে কারখানার উৎপাদন আরও দ্রুত, নমনীয় ও বাজারের চাহিদানির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে দেশটি।
চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (এমআইআইটি) বৃহস্পতিবার নতুন করে ৩৪টি কারখানাকে ‘ফ্ল্যাগশিপ স্মার্ট ফ্যাক্টরি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে জিয়াংসু প্রদেশভিত্তিক পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এইচএলএ গ্রুপের একটি কারখানা। চীনের পোশাকশিল্পের কোনো প্রতিষ্ঠান হিসেবে এই প্রথম এ কর্মসূচিতে জায়গা পেল এইচএলএ।
পোশাক তৈরির আগেই বাজার বিশ্লেষণে এআই
এইচএলএ গ্রুপের কারখানায় উৎপাদন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তাসংবলিত প্রযুক্তি মানুষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। ভোক্তাদের পছন্দ ও বাজারের চাহিদা বিশ্লেষণ করে সেই তথ্যকে পোশাকের নকশা ও উৎপাদন পরিকল্পনায় কাজে লাগানো হচ্ছে।
এর ফলে এআই শুধু যন্ত্র পরিচালনা বা উৎপাদনের পেছনের স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকছে না। বরং বাজারের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে উৎপাদনকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখছে।
চীনের এআইনির্ভর স্মার্ট কারখানা কর্মসূচি শুরু হয় ২০২৪ সালে। সরবরাহব্যবস্থার আধুনিকায়ন এবং উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো এর প্রধান লক্ষ্য। কর্মসূচিটির কয়েকটি স্তর রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ স্তর হলো ফ্ল্যাগশিপ স্মার্ট ফ্যাক্টরি। এই স্বীকৃতি পেতে কারখানায় অন্তত ৬০ শতাংশ ক্ষেত্রে এআই ব্যবহারের শর্ত রয়েছে।
৩৪ কারখানায় এক হাজারের বেশি এআই এজেন্ট
২০২৫ সালের শেষ দিকে ঘোষিত প্রথম দফায় ১৫টি কারখানা এই স্বীকৃতি পেয়েছিল। তখন ইস্পাত ও উড়োজাহাজশিল্পের মতো ভারী শিল্পের প্রতিষ্ঠানগুলোই বেশি প্রাধান্য পেয়েছিল। গৃহস্থালি যন্ত্রপাতি নির্মাতা গ্রি ইলেকট্রিক ও হায়ারের মতো কয়েকটি ভোক্তাপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও তালিকায় ছিল।
তবে নতুন তালিকায় শিল্পের বৈচিত্র্য বেড়েছে। পোশাক প্রস্তুতকারক এইচএলএ গ্রুপের পাশাপাশি রয়েছে চীনা মদ বাইজিউ উৎপাদনকারী লুঝৌ লাওজিয়াও, ওষুধ প্রস্তুতকারক টাসলি এবং টেলিভিশন নির্মাতা হাইসেন্স। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি, সেরেস ও এফএডব্লিউ-ফক্সওয়াগেনও জায়গা পেয়েছে।
ওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কনফারেন্সের বৃহস্পতিবারের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব কারখানায় ব্যবহৃত প্রযুক্তিগত প্রয়োগের ৭০ শতাংশের বেশি ক্ষেত্রে এআই যুক্ত রয়েছে। কারখানাগুলোতে এক হাজারের বেশি শিল্পভিত্তিক এআই এজেন্ট তৈরি করা হয়েছে। প্রতিদিন টোকেন ব্যবহারের পরিমাণ ৩০ কোটির বেশি।
অন্য প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ছে প্রযুক্তি
এই ৩৪টি স্মার্ট কারখানার প্রভাব শুধু নিজস্ব উৎপাদনব্যবস্থায় সীমাবদ্ধ নেই। প্রযুক্তি, সমাধান ও অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে এগুলো প্রায় চার হাজার অন্য প্রতিষ্ঠানকে উৎপাদন কার্যক্রম আধুনিকায়নে সহায়তা করেছে বলে সম্মেলনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরামর্শক প্রতিষ্ঠান আনকুরার চীনভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক আলফ্রেডো মন্টুফার-হেলুর মতে, ভোক্তামুখী শিল্পে এআইয়ের উচ্চমাত্রার ব্যবহার প্রমাণ করে যে প্রযুক্তিটি এখন আর শুধু কারখানার অভ্যন্তরীণ স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নেই। বরং তা বাজারের তাৎক্ষণিক চাহিদার তথ্যের সঙ্গে উৎপাদনকে যুক্ত করছে। এতে প্রতিষ্ঠানগুলো দ্রুত নকশা পরিবর্তন, মানসম্মত পণ্য সরবরাহ এবং ভোক্তার পরিবর্তিত পছন্দের সঙ্গে তাল মেলাতে পারছে।
উৎপাদনে এআই ব্যবহারে সরকারের সক্রিয় ভূমিকা
চীনের সরকার শিল্প খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে সক্রিয়ভাবে কাজ করছে। মন্টুফার-হেলুর মতে, বেইজিং এআইকে এমন একটি মৌলিক প্রযুক্তি হিসেবে দেখছে, যা অর্থনৈতিক দক্ষতা বাড়ানো, প্রযুক্তিগত স্বনির্ভরতা শক্তিশালী করা এবং সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পারে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত সপ্তাহে শেনজেনে অনুষ্ঠিত এপেক সিইও সম্মেলনে দেশটিকে উদ্ভাবনের একটি বিশাল পরীক্ষাগার হিসেবে বর্ণনা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বাস্তব পরিবেশে নতুন প্রযুক্তি পরীক্ষা, উন্নয়ন ও পরিমার্জনের মাধ্যমে সেগুলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তর করা হচ্ছে।
অক্টোবরের শেষ দিকে শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও উৎপাদন খাতে এআইয়ের গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, এআই যন্ত্রপাতি ও উৎপাদনব্যবস্থার নিজস্ব অবস্থা শনাক্ত, সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যসম্পাদনের সক্ষমতা বাড়াতে পারে। একই সঙ্গে উৎপাদনপদ্ধতি ও ব্যবসায়িক মডেলে পরিবর্তন এনে ব্যয় কমানো, দক্ষতা বাড়ানো এবং বাজারের বহুমুখী চাহিদা পূরণে সহায়তা করতে পারে।
উৎপাদন খাতে এআইয়ের ব্যবহার আরও গভীর করতে লক্ষ্যভিত্তিক নীতিগত উদ্যোগ নেওয়ার কাজও করছে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।












