রাশিয়ার জ্বালানি তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে টানাপোড়েনের পর এবার জ্বালানি আমদানির উৎসে পরিবর্তন আনছে ভারত। ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি এবং যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কেনা বাড়িয়ে ওয়াশিংটনের সঙ্গে জ্বালানি বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে নয়াদিল্লি। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যেই এই পরিবর্তন নতুন অর্থনৈতিক ও ভূরাজনৈতিক তাৎপর্য তৈরি করেছে।
চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার জ্বালানি তেলসম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে যাওয়ার পর ভারত দ্রুত দেশটি থেকে তেল কেনা বাড়ায়। আগে ভেনেজুয়েলা থেকে কোনো তেল আমদানি না করলেও মার্চের মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম ক্রেতায় পরিণত হয় ভারত। এ তালিকায় ভারতের ওপরে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র।
ভেনেজুয়েলার তেলের বড় ক্রেতা ভারত
জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে ভেনেজুয়েলা ভারতকে প্রতিদিন ২ লাখ ১৯ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল সরবরাহ করেছে। একই সময়ে নেদারল্যান্ডসে প্রতিদিন ৯৭ হাজার এবং স্পেনে ৬৪ হাজার ব্যারেল তেল রপ্তানি করেছে দেশটি।
ভারতের এই আমদানির বড় অংশের পেছনে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের গুজরাটের জামনগর শোধনাগার। ভারী ও তুলনামূলক জটিল প্রকৃতির ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা থাকায় প্রতিষ্ঠানটি এই বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন ভেনেজুয়েলার দুটি জ্বালানি প্রকল্প পরিচালনার অধিকার নিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে।
যুক্তরাষ্ট্রের এলপিজি আমদানিতে বড় পরিবর্তন
শুধু অপরিশোধিত তেল নয়, রান্নার গ্যাস আমদানিতেও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা বাড়িয়েছে ভারত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ার পর মার্কিন এলপিজি কেনা উল্লেখযোগ্যভাবে বাড়ায় নয়াদিল্লি।
গত জানুয়ারিতে ভারতের মোট এলপিজি আমদানির মাত্র ১২ শতাংশ আসত যুক্তরাষ্ট্র থেকে। জুলাই মাসে তা বেড়ে প্রায় ৭০ শতাংশে পৌঁছায়। অক্টোবরে অবশ্য যুক্তরাষ্ট্রের অংশ কমে মোট আমদানির প্রায় এক-তৃতীয়াংশে দাঁড়ায়।
ভারতের প্রায় ৩৩ কোটি পরিবারের রান্নার প্রধান জ্বালানি এলপিজি। ফলে এই পণ্যের আমদানির উৎস পরিবর্তন দেশটির জ্বালানি নিরাপত্তা ও অভ্যন্তরীণ বাজারের জন্য গুরুত্বপূর্ণ।
তবে মার্কিন এলপিজির দাম তুলনামূলক বেশি। ভারতের রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠানগুলো ভর্তুকির মাধ্যমে ভোক্তাদের কাছে সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে রাখে। ফলে বেশি দামে আমদানি বাড়ায় এসব প্রতিষ্ঠানের আর্থিক লোকসানও বাড়ছে।
রাশিয়ার তেল নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তন
ভারতের জ্বালানি আমদানির নতুন সমীকরণ তৈরি হয়েছে রাশিয়ার তেল কেনা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘ বিরোধের পটভূমিতে।
গত বছর রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে সেপ্টেম্বরে রাশিয়ার তেলের বড় ক্রেতা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রেখে নতুন আইনও করা হয়।
তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক রায়ে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বাতিল হয়। অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নতুন শুল্ক আরোপের ক্ষমতা প্রয়োগ থেকেও সরে থাকেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবু রাশিয়া ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী। কেপলারের তথ্য অনুযায়ী, অক্টোবরে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির এক-তৃতীয়াংশের বেশি এসেছে রাশিয়া থেকে।
বাণিজ্য চুক্তির আলোচনায় জ্বালানি গুরুত্বপূর্ণ
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির সঙ্গে জ্বালানি আমদানির বিষয়টি সরাসরি যুক্ত করা না হলেও আলোচনায় এটি গুরুত্বপূর্ণ বিরোধের জায়গা হিসেবে রয়েছে।
গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরের সময় নয়াদিল্লি না গিয়ে গুজরাটের জামনগরে রিলায়েন্সের শোধনাগার পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে বৈঠকের আগে তিনি ভারতকে পরিশোধন সক্ষমতার দিক থেকে একটি শক্তিশালী দেশ হিসেবে উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, ভারতের বিশাল পরিশোধন অবকাঠামো ও শিল্প সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অংশীদারত্বের সুযোগ তৈরি করছে। বিশেষ করে ভেনেজুয়েলার তেল আন্তর্জাতিক বাজারে বিক্রির ক্ষেত্রে ভারতের শোধনাগারগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে।
সস্তা তেলের হিসাব বদলে যেতে পারে
তবে ভেনেজুয়েলার তেল আমদানি বাড়ার পেছনে শুধু কূটনৈতিক সমীকরণ নয়, অর্থনৈতিক কারণও রয়েছে। রাশিয়ার তেলের দাম বৃদ্ধি, ইউক্রেনের হামলায় রুশ বন্দরগুলোর কার্যক্রমে বিঘ্ন এবং চীনা শোধনাগারগুলোর বাড়তি কেনাকাটা ভারতের জন্য বিকল্প উৎস খোঁজার প্রয়োজন তৈরি করেছে।
কেপলারের জ্বালানি বিশ্লেষক সুমিত রিতোলিয়ার মতে, বর্তমানে ভারত যে অপরিশোধিত তেল কিনছে, তার মধ্যে ভেনেজুয়েলার তেল অন্যতম সস্তা। কিন্তু এই দামের সুবিধা কমে গেলে রাজনৈতিক সম্পর্কের কারণে ভারত একই পরিমাণ তেল কেনা অব্যাহত রাখবে, এমন নিশ্চয়তা নেই। অক্টোবরে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানিতে ভেনেজুয়েলার অংশ ছিল মাত্র ৫ শতাংশ।
অন্যদিকে ২০২৭ সালের প্রথম ছয় মাসেও যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি তুলনামূলক শক্তিশালী অবস্থানে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে মধ্যপ্রাচ্যের সরবরাহ আবার স্বাভাবিক হতে শুরু করেছে। সেপ্টেম্বরে ও অক্টোবরে ভারতকে এলপিজি রপ্তানিতে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। যুদ্ধের আগে ভারতের মোট এলপিজি আমদানির প্রায় ৮০ শতাংশ সরবরাহ করত সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও সৌদি আরব।
ফলে ভারতের সামনে এখন দুটি হিসাব—একদিকে সাশ্রয়ী দামে অপরিশোধিত তেল সংগ্রহ, অন্যদিকে জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়লেও রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সরবরাহ পুরোপুরি বাদ দেওয়ার সুযোগ ভারতের নেই।












