সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত চলছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছে, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় ধরনের সড়ক দুর্ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহতে একাধিক গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন।
ওই ঘটনায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি একাধিক গাড়িকে ধাক্কা দেয়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।
একই মাসে দেশটির দুই আমিরাতে পৃথক দুটি বড় সড়ক দুর্ঘটনায় মোট ২৫ জনের প্রাণহানির ঘটনা ঘটল।












