গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকদের একটি দল মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। এ ঘটনায় কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রমিকদের বিক্ষোভের আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎ ও আশপাশের কয়েকটি এলাকার বেশ কিছু কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে শিল্পাঞ্চলে উত্তেজনা এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে।












