ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি অবৈধ স্বর্ণখনিতে মাটির নিচে আটকে পড়া ১৩ শ্রমিকের সন্ধানে বৃহস্পতিবার আবারও উদ্ধার অভিযান শুরু করার কথা জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এরই মধ্যে ওই খনি থেকে ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রাজধানী জাকার্তার দক্ষিণে বোগর অঞ্চলে সোমবার মোট ২৬ জন শ্রমিক খনিতে প্রবেশ করেছিলেন। এ সময় প্রবল বৃষ্টিতে খনির সুড়ঙ্গ পানিতে তলিয়ে যায়। এতে শ্রমিকেরা প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) গভীরে আটকা পড়েন।
পশ্চিম জাভার পুলিশপ্রধান হেংকি রয়টার্সকে জানান, নিহত ১৩ জনের মধ্যে ছয়জনের পরিচয় ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবারও উদ্ধার অভিযান চালানো হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, খনির সুড়ঙ্গ সরু, পিচ্ছিল ও অন্ধকার হওয়ায় উদ্ধারকাজে প্রবেশাধিকার পাওয়া কঠিন হয়ে পড়েছে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, উদ্ধারকর্মীরা দুটি খনিপথকে কেন্দ্র করে অভিযান চালাচ্ছেন। সেখানে পৌঁছাতে দড়ি ব্যবহার করা হচ্ছে। তবে খনির প্রায় ১০০ মিটার গভীরতা উদ্ধার তৎপরতাকে জটিল করে তুলেছে।
খনি এলাকায় ভারী বৃষ্টির পর শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে। উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার থেকে শ্রমিকেরা পানিতে প্লাবিত খনির ভেতরে আটকা পড়ে আছেন।
ইন্দোনেশিয়ায় ক্ষুদ্র পরিসরে ও অবৈধভাবে খনির কাজ পরিচালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দেশটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে খনিজ সম্পদ ছড়িয়ে থাকায় এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করাও কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম দেতিকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতেও একই এলাকার একটি অবৈধ স্বর্ণখনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় কয়েকজন খনিশ্রমিকের মৃত্যু হয়েছিল।
ওই অঞ্চলে স্বর্ণখনি পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আন্তাম জানিয়েছে, এবারের দুর্ঘটনাটি একটি অননুমোদিত খনিতে ঘটেছে। এটি তাদের পরিচালিত কোনো খনি বা কার্যক্রমের অংশ নয়।












