এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয় বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাঁকে ঘিরে ওঠা চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মীমাংসা এখনো হয়নি। হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক থাকা অ্যালিস হুয়াং কি চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন?
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে এ প্রশ্ন নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন কি না এবং তাঁদের কাছে কোনো তথ্য সরবরাহ করেছিলেন কি না, তা নিয়ে গোয়েন্দা তথ্য পর্যালোচনা করছেন কর্মকর্তারা। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচ ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
অ্যালিস হুয়াং এনভিডিয়ার এক বড় গ্রাহক প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কয়েক মাস ধরে তাঁর সঙ্গে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে। সিআইএসহ একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই ব্যক্তি।
তবে ওই তথ্যের অর্থ ও গুরুত্ব নিয়ে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে একমত হওয়া যায়নি। এফবিআই, সিআইএ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও—তাঁরা মূল তথ্যগুলো সম্পর্কে অবগত থাকলেও সেগুলোর ব্যাখ্যায় ভিন্ন অবস্থান নিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, এনভিডিয়া থেকে জেনসেন হুয়াংকে সরিয়ে দেওয়ার আগে প্রশাসনের ভেতরে এসব ভিন্নমত নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। গোয়েন্দা তথ্যের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ট্রাম্পের হস্তক্ষেপে হুয়াংয়ের আবার এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে ফেরার সিদ্ধান্ত বোঝার ক্ষেত্রেও। বিষয়টি নিয়ে ভবিষ্যতে কংগ্রেসের কোনো তদন্ত হলে গোয়েন্দা তথ্যও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এফবিআই ও সিআইএর মূল্যায়নে পার্থক্য
পাল্টা গোয়েন্দা তৎপরতার দায়িত্বে থাকা এফবিআইয়ের সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী, অ্যালিস হুয়াং চীনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বা তাদের নিয়োগ করা কোনো তথ্যদাতা—এমন প্রমাণ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য থেকে পাওয়া যায়নি। গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত দুই ব্যক্তি রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
সিআইএর মূল্যায়ন তুলনামূলকভাবে সতর্ক। সংস্থাটির মতে, অ্যালিস হুয়াংয়ের কাছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য ছিল কিংবা তিনি সেসব তথ্য চীনের কাছে সরবরাহ করেছেন—এমন বিষয় গোয়েন্দা প্রতিবেদনে স্পষ্টভাবে প্রমাণিত হয়নি। তবে ভবিষ্যতে নতুন প্রমাণ সামনে আসতে পারে—এ সম্ভাবনাও উড়িয়ে দেয়নি সংস্থাটি।
অন্যদিকে, মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা মনে করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য তাঁর মাধ্যমে চীনে পাঠানো হয়েছে—এমন প্রমাণ না থাকলেও চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে অ্যালিস হুয়াংয়ের যোগাযোগ বেইজিংয়ের সঙ্গে তাঁর সহযোগিতার ইঙ্গিত দেয়।
এ বছরের শুরুর দিকে মার্কো রুবিওর লেখা একটি গোপন নথিতে উল্লেখ ছিল, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় অ্যালিস হুয়াংকে নিয়োগ করেছিল এবং তিনি সম্ভাব্য তথ্যদাতা হিসেবে কাজ করে থাকতে পারেন। এ বিষয়ে আগে প্রতিবেদন প্রকাশ করেছিল নিউইয়র্ক টাইমস।
তবে গোয়েন্দা প্রতিবেদনগুলো সংশ্লিষ্ট সংস্থা ও মন্ত্রিসভার কয়েকজন শীর্ষ কর্মকর্তার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। কংগ্রেসের সঙ্গে এসব তথ্য ভাগ করা হয়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি।
জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হয়নি
মার্কিন গোয়েন্দা তথ্যের ভিন্ন ব্যাখ্যা ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে তথ্য আদান-প্রদান ও পর্যালোচনার দুর্বলতাকেও সামনে এনেছে। বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের মতে, প্রশাসনের সময় শ্রেণিবদ্ধ গোয়েন্দা তথ্য আগের তুলনায় কম কর্মকর্তার মধ্যে ভাগ করা হচ্ছে এবং বিভিন্ন সংস্থার মধ্যে তা নিয়ে আলোচনার সুযোগও কমেছে।
ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকে জাতীয় নিরাপত্তা পরিষদে বড় ধরনের কাটছাঁট হয়েছে। অতীতে এই পরিষদ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের আয়োজন করত। এসব বৈঠকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হতো। তবে আগের প্রশাসনগুলোর তুলনায় এখন এ ধরনের বৈঠক কম হচ্ছে।
অ্যালিস হুয়াং ও এনভিডিয়া ইস্যুতে বিভিন্ন সংস্থার মন্ত্রিপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি।
গোয়েন্দা তথ্যের আদান-প্রদান কমে গেলে নীতিনির্ধারকদের কাছে পৌঁছানোর আগে সেসব তথ্য যথাযথভাবে যাচাই ও বিভিন্ন সংস্থার মধ্যে পর্যালোচিত না হওয়ার ঝুঁকি তৈরি হয়।
সিআইএর বিশ্লেষণে বলা হয়েছে, চীনা নাগরিক হওয়ায় অ্যালিস হুয়াংয়ের সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকতে পারে। কারণ, চীনের আইনে নাগরিকদের গোয়েন্দা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার বাধ্যবাধকতা রয়েছে।
গোয়েন্দা তথ্যের একটি বড় অংশে অ্যালিস হুয়াংয়ের সাবেক প্রতিষ্ঠান মেগাস্পিডে তাঁর ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের তৈরি চিপ চীনে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। অনেক মার্কিন কর্মকর্তা মনে করেন, এসব কর্মকাণ্ড এনভিডিয়া প্রধানের ব্যক্তিগত সম্পর্কের চেয়ে জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
তবে মেগাস্পিড জানিয়েছে, প্রতিষ্ঠানটি বৈধ ও আইনসম্মত ব্যবসা পরিচালনা করে এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণবিধি মেনে চলে।
প্রশাসনের ভেতরে পাল্টাপাল্টি অবস্থান
চলতি মাসের শুরুর দিকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর মার্কিন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার বক্তব্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। এসব বক্তব্য রুবিওর গোপন নথি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গেও সাংঘর্ষিক বলে মনে হয়।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রেসিডেন্ট ট্রাম্প—দুজনই হুয়াংয়ের বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছিলেন। অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের সঙ্গে আলোচনার পর তাঁরা জানান, হুয়াং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নন।
অন্যদিকে, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন বলেছিলেন, অ্যালিস হুয়াং চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন কি না, তা স্পষ্ট নয়।
নিউইয়র্ক টাইমস চলতি মাসের শুরুতে রুবিওর গোপন নথির বিষয়টি প্রকাশ করলে ট্রাম্প প্রশাসনের ভেতরে এবং এনভিডিয়ার পরিচালনা পর্ষদে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। হুয়াং কি জানতেন যে তাঁর সঙ্গে সম্পর্ক থাকা ওই নারী চীনের কাছে তথ্য সরবরাহ করছেন—এ প্রশ্নও ওঠে বলে আলোচনার সঙ্গে পরিচিত দুই ব্যক্তি জানিয়েছেন।
গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনার সময় ট্রাম্প ভ্যান্স, ব্ল্যাঞ্চ ও ক্লেটনের সঙ্গে কথা বলেন। হুয়াং তদন্তের আওতায় আছেন কি না এবং তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি করছেন কি না, তা জানতে চান প্রেসিডেন্ট।
রয়টার্সের আগের প্রতিবেদন অনুযায়ী, ব্ল্যাঞ্চ ভ্যান্সকে জানিয়েছিলেন, হুয়াং কোনো হুমকি নন। তবে ওই আলোচনায় রুবিও অংশ নেননি। হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্তে তিনি বিস্মিত হয়েছিলেন বলে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন।
এ বিষয়ে রুবিওর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউস, সিআইএ ও এফবিআইও এ বিষয়ে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।
জেনসেন হুয়াং স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তবে অভিযোগে উল্লেখ করা সম্পর্কগুলো নিয়ে বিস্তারিতভাবে প্রকাশ্যে কিছু বলেননি। চীন গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও রয়টার্সের সাংবাদিকেরা তাঁর বক্তব্য পাননি।












