শেরপুর শহরে ইতালীয় জুতা ব্র্যান্ড লোট্টোর একটি গুদামে আগুন লেগে বিপুল পরিমাণ জুতা পুড়ে গেছে। একই ঘটনায় গুদামের পাশের একটি দুইতলা ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দুপুরে শহরের খরমপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আশপাশের দোকানপাট ও বসতবাড়ি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। তবে গুদামে রাখা বিপুলসংখ্যক জুতা পুড়ে যায়। পাশাপাশি পাশের দুইতলা ভবনটিরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
ভবনটির মালিক আদিল মাহমুদ উজ্জ্বল জানান, বুধবার সকালে তিনি দেখতে পান, কেউ তাঁর বাসার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ঘটনাটিকে তিনি সন্দেহজনক বলে মনে করছেন।
শেরপুরে লোট্টোর বিক্রয়কেন্দ্রের দায়িত্বে থাকা উজ্জ্বল শীল জানান, বিক্রয়কেন্দ্র ও গুদাম মিলিয়ে সেখানে প্রায় ৬০ লাখ টাকার পণ্য মজুত ছিল। আগুনে প্রাথমিকভাবে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁর ধারণা। তবে পণ্যের হিসাব নিরীক্ষার পর প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।
শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিউর রহমান জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্তের অপেক্ষা করা হচ্ছে।












