জলবায়ু পরিবর্তনের কারণে খরা, বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ছে। এর প্রভাব পড়ছে কৃষি ও খাদ্য উৎপাদনে। এমন পরিস্থিতিতে তাইওয়ানে নতুন করে গুরুত্ব পাচ্ছে বহু বছর ধরে হারিয়ে যেতে বসা এক প্রাচীন শস্য—তেলবাজরা। প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার অসাধারণ ক্ষমতা থাকায় একসময় এই শস্যকে দুর্যোগের সময় বিকল্প খাদ্যের ভরসা হিসেবে ব্যবহার করতেন স্থানীয় আদিবাসী কৃষকেরা।
তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলের তাইতুং কাউন্টির পাহাড়ঘেরা বুকলাভু গ্রামে তেলবাজরার চাষ ফিরিয়ে আনার চেষ্টা করছেন ৪৮ বছর বয়সী আদিবাসী কৃষক বানু ইসমাহাসান। গত এক দশক ধরে তিনি তাঁর বৃদ্ধ মা-বাবাকে নিয়ে এই প্রায় বিস্মৃত শস্যের আবাদ করছেন।
দুর্যোগে টিকে থাকার পুরোনো কৌশল
তাইওয়ানের বুনুন আদিবাসী জনগোষ্ঠীর কাছে তেলবাজরা স্থানীয় ভাষায় ‘দিল’ নামে পরিচিত। পাহাড়ে প্রাকৃতিকভাবেও এই শস্য জন্মায়। একসময় বুনুন কৃষকেরা প্রধান খাদ্যশস্যের পাশাপাশি তেলবাজরা চাষ করতেন। মূল ফসল নষ্ট হয়ে গেলে বা প্রাকৃতিক দুর্যোগে উৎপাদন ব্যাহত হলে এটি খাদ্যের বিকল্প জোগান দিত।
কিন্তু ধীরে ধীরে চালের সহজলভ্যতা বাড়ায় তেলবাজরার চাষ কমতে থাকে। ছয় দশকেরও বেশি সময় ধরে এটি প্রায় হারিয়ে যায় কৃষিজমি থেকে।
অনলাইনে এই শস্যের কথা জানার পর ইসমাহাসান পুরোনো নথিপত্র ঘাঁটতে শুরু করেন। কথা বলেন স্থানীয় প্রবীণদের সঙ্গে। তাঁদের একজন স্মরণ করতে পেরেছিলেন, প্রায় ৫০ বছর আগে তিনি শেষবারের মতো এই শস্য খেয়েছিলেন।
প্রবীণদের কাছ থেকে পাওয়া তথ্য এবং নিজের অনুসন্ধানের ভিত্তিতে ইসমাহাসান তেলবাজরার চাষ শুরু করেন। প্রথমে তাঁর হাতে ছিল মাত্র একটি শিষ। এখন পরিবারের জমির একটি অংশে বছরে দুবার এই শস্যের ফলন হচ্ছে।
খরা, বন্যা ও রোগেও সবুজ থাকে
তেলবাজরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা। একটি বীজ থেকে ১৫ থেকে ২০টি শিষ জন্মাতে পারে। ফসল কাটার পরও গাছের কাণ্ড থেকে নতুন করে বৃদ্ধি ঘটে। অন্যদিকে স্থানীয়ভাবে প্রচলিত শিয়াললেজ বাজরার একটি বীজ থেকে সাধারণত একটি শিষ জন্মায় এবং ফসল কাটার পর নতুন করে বীজ বপন করতে হয়।
ইসমাহাসানের প্রায় ২ দশমিক ২ হেক্টর জমিতে বিভিন্ন সময়ে চরম আবহাওয়া ও রোগের প্রভাব পড়েছে। কিন্তু তেলবাজরা তুলনামূলকভাবে অক্ষত থেকেছে।
কয়েক বছর আগে টানা ২০০ দিনের বেশি খরা হয়েছিল। সে সময় অন্য ফসল শুকিয়ে গেলেও তেলবাজরার গাছ সবুজ ছিল। ঘূর্ণিঝড়, বন্যা এমনকি ছত্রাকজনিত মরিচা রোগের প্রাদুর্ভাবেও শস্যটির বড় ধরনের ক্ষতি হয়নি।
এই অভিজ্ঞতা থেকেই ইসমাহাসান বুঝতে পেরেছেন, কেন তাঁর পূর্বপুরুষেরা দুর্যোগের সময় এই শস্যের ওপর নির্ভর করতেন।
গবেষণায় মিলেছে বিশেষ গুণ
তাইওয়ানের একাডেমিয়া সিনিকার অবসরপ্রাপ্ত অধ্যাপক ও উদ্ভিদবংশগতিবিদ শিং ইউ-ইয়ে প্রায় ১৫ বছর আগে তেলবাজরা সম্পর্কে জানতে পারেন। পরে তিনি গবেষক দল নিয়ে তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ে এই শস্যের সন্ধান করেন এবং এর বৈশিষ্ট্য নিয়ে গবেষণা শুরু করেন।
গবেষণায় দেখা যায়, তেলবাজরার বীজের ওপর থাকা প্রাকৃতিক মোমের আবরণ তাকে প্রতিকূল পরিবেশেও বেড়ে উঠতে সাহায্য করে। এ কারণে সেচ, সার কিংবা কীটনাশক ছাড়াও অনুর্বর জমিতে শস্যটি চাষ করা সম্ভব। পাহাড়ি এলাকার পাথুরে মাটিতেও এটি ভালোভাবে জন্মাতে পারে।
শস্যটি তেল, প্রোটিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ। মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের পাশাপাশি পশুখাদ্য এবং জ্বালানি তৈরিতেও এর সম্ভাবনা রয়েছে।
এর দানা ছোট এবং স্বাদ প্রায় নেই বললেই চলে। তবে তা দিয়ে জাউ, ভাপা রুটি, পাউরুটি এমনকি খইও তৈরি করা যায়।
বাণিজ্যিক চাষে এখনো বাধা
তেলবাজরার কৃষিগত সুবিধা থাকলেও বাজারে এর প্রসার সহজ হচ্ছে না। ধান চাষের তুলনায় এর উৎপাদন ও সংগ্রহে বেশি শ্রম লাগে। ভোক্তাদের জন্যও চালের তুলনায় এই শস্যের দাম অনেক বেশি। ফলে অন্য কৃষকদের চাষে আগ্রহী করা কঠিন হয়ে পড়েছে।
তবু তাইওয়ানের জাতীয় ফসলের বীজ সংরক্ষণকেন্দ্র শস্যটির ভবিষ্যৎ গুরুত্ব বিবেচনায় এর বীজ সংরক্ষণ করছে। গবেষকদের মতে, তেলবাজরার বংশগত বৈচিত্র্য এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা একে ভবিষ্যতের কৃষির জন্য গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত করতে পারে।
সংরক্ষিত বীজগুলো অ্যালুমিনিয়ামের মোড়কে কম আর্দ্র পরিবেশে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হচ্ছে। এতে কয়েক দশক পর্যন্ত বীজের কার্যক্ষমতা বজায় থাকতে পারে।
খাদ্যাভ্যাসে ফেরানোই প্রথম লক্ষ্য
ইসমাহাসানের কাছে এখনই তেলবাজরাকে বড় ব্যবসায় পরিণত করার চেয়ে নিজের জনগোষ্ঠীর মানুষের মধ্যে এর চাষ ও খাদ্য হিসেবে ব্যবহার ফিরিয়ে আনা বেশি গুরুত্বপূর্ণ। তাঁর বিশ্বাস, স্থানীয় মানুষ নিজেরাই যদি এই শস্য চাষ ও খাওয়া শুরু না করেন, তাহলে এর স্থায়ী বাজার তৈরি করা কঠিন হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে প্রচলিত ফসলের উৎপাদন অনিশ্চিত হয়ে উঠতে পারে। সে সময় তেলবাজরার মতো প্রতিকূলতা-সহনশীল প্রাচীন শস্য খাদ্যনিরাপত্তার বিকল্প ভরসা হতে পারে। তাই হারিয়ে যাওয়া এই ফসলের পুনরুজ্জীবন শুধু ঐতিহ্য রক্ষার উদ্যোগ নয়, ভবিষ্যতের কৃষির জন্যও একটি সম্ভাবনাময় পদক্ষেপ।












