ডলারের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সরাসরি ডলার বিক্রির পরিবর্তে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে সোয়াপ ব্যবস্থায় ডলার সরবরাহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ১২৫ টাকার মধ্যে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংকাররা। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট মেয়াদের জন্য কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে টাকা ও ডলার অদলবদল হবে। মেয়াদ শেষে পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী সুদসহ মূল অর্থ ফেরত দিতে হবে।
এলসি পরিশোধের চাপে ডলারের চাহিদা
ব্যাংকারদের ভাষ্য, সরকারি ঋণপত্র বা এলসির অর্থ পরিশোধ করতে গিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো চাপে রয়েছে। বিশেষ করে পেট্রোবাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরকারি এলসির দায় মেটাতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ব্যাংকগুলোকে বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে। এ পরিস্থিতিতে ডলারের সরবরাহ বাড়াতে সোয়াপ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকাররা মনে করছেন, এ ব্যবস্থায় স্বল্পমেয়াদে ডলারের বাজারে কিছুটা স্বস্তি আসতে পারে। তবে এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ার সম্ভাবনা কম।
বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে, বাজারে ডলারের চাহিদা এখনো বেশি। বুধবার কয়েকটি ব্যাংক অ্যাগ্রিগেটরদের কাছ থেকে প্রতি ডলার ১২৫ টাকা ২০ পয়সা থেকে ১২৫ টাকা ৩০ পয়সা দামে রেমিট্যান্স কিনেছে। সোয়াপের মাধ্যমে ডলারের বিনিময় হার ১২৫ টাকার মধ্যে রাখাই কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য।
রিজার্ভ থেকে ৮০০ মিলিয়ন ডলার বিক্রির পর নতুন কৌশল
অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের নেট ওপেন পজিশন (এনওপি) ইতিবাচক থাকা সত্ত্বেও বাজারে ডলারের দর বেশি রয়েছে। এতে ইঙ্গিত পাওয়া যায়, ব্যাংকগুলো প্রয়োজনের তুলনায় বেশি ডলার ধরে রাখছে।
চলতি অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এতে ডলারের বিনিময় হার কমানো সম্ভব হয়নি। এ কারণে আপাতত রিজার্ভ থেকে সরাসরি ডলার বিক্রি বন্ধ রেখে ব্যাংকগুলোর সঙ্গে সোয়াপের মাধ্যমে ডলার সরবরাহের পথে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
আগে থেকেই চালু রয়েছে সোয়াপ ব্যবস্থা
বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য টাকা-ডলার সোয়াপ ব্যবস্থা চালু করে। এ ব্যবস্থায় সাত দিন থেকে সর্বোচ্চ ৯০ দিন মেয়াদে সোয়াপ করা যায়।
এদিকে, বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে দেশের চলতি হিসাবে ঘাটতি ছিল ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।
অন্যদিকে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স ও রপ্তানি আয় মিলিয়ে মোট ২৮ দশমিক ৫৫ বিলিয়ন ডলার হয়েছে। একই সময়ে আমদানি ব্যয় ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।












