বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো দ্রুত জনমিতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একসময় বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় শক্তি হিসেবে কাজ করলেও সেই সুবিধা ধীরে ধীরে কমে আসছে। একই সময়ে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। ফলে কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, পেনশন ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা শক্তিশালী করার জন্য হাতে থাকা সময় দ্রুত কাজে লাগানোর তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের ২০২৬ সালের প্রতিবেদন ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’-এ বলা হয়েছে, বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত ২০৪৫ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর এই অনুপাত কমতে শুরু করবে। একই পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ বার্ধক্যমুখী জনসংখ্যার পর্যায়ে প্রবেশ করবে এবং ২০৫১ সালে প্রবীণ জনগোষ্ঠীনির্ভর সমাজে পরিণত হবে। অর্থাৎ, কর্মক্ষম মানুষের অনুপাত সর্বোচ্চ হওয়ার পর মাত্র ছয় বছরের ব্যবধানে দেশের জনসংখ্যায় প্রবীণদের অংশ উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করবে।
জনমিতিক সুবিধার সময় সীমিত
প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত ২০৩৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০৪৯ সালের মধ্যে অঞ্চলটির মোট জনসংখ্যার ১৪ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি হবে। কোনো দেশের জনসংখ্যার অন্তত ৭ শতাংশের বয়স ৬৫ বছর বা বেশি হলে তাকে বার্ধক্যমুখী এবং এই হার ১৪ শতাংশে পৌঁছালে প্রবীণ জনগোষ্ঠীনির্ভর সমাজ হিসেবে বিবেচনা করা হয়েছে।
দক্ষিণ এশিয়ায় ১৯৬০ থেকে ২০২৩ সাল পর্যন্ত কর্মক্ষম জনগোষ্ঠী বছরে গড়ে ২ দশমিক ২ শতাংশ হারে বেড়েছে। ২০২৪ থেকে ২০৫০ সালের মধ্যে এই বৃদ্ধির হার নেমে আসতে পারে ০ দশমিক ৬ শতাংশে। ফলে জনসংখ্যার বয়সকাঠামো থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যে সুবিধা আসত, তা আগের তুলনায় অনেক কমে যাবে।
বাংলাদেশের ক্ষেত্রে এই পরিবর্তনের সময়সীমা তুলনামূলক দীর্ঘ হলেও প্রস্তুতির সুযোগ সীমাহীন নয়। ২০২৬ সাল থেকে হিসাব করলে প্রবীণ জনগোষ্ঠীনির্ভর সমাজে পৌঁছাতে বাংলাদেশের হাতে প্রায় ২৫ বছর রয়েছে।
কর্মসংস্থান ও দক্ষতায় বড় ঘাটতি
বিশ্বব্যাংকের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার শ্রমবাজারের দুর্বলতাকে জনমিতিক সুবিধা কাজে লাগানোর অন্যতম বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অঞ্চলের কর্মক্ষম মানুষের মাত্র ৬০ শতাংশ কর্মরত, যেখানে অন্যান্য উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতিতে এই হার ৬৯ শতাংশ। কর্মরত মানুষের ৮৮ শতাংশই অনানুষ্ঠানিক খাতে যুক্ত।
বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় অনানুষ্ঠানিক খাতের কর্মীরা আনুষ্ঠানিক খাতের কর্মীদের তুলনায় ৪৫ থেকে ৮৪ শতাংশ কম আয় করেন। বাংলাদেশ, ভারত ও নেপালে উচ্চশিক্ষা নেওয়া কর্মীদের মধ্যেও ৬০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক কাজে যুক্ত।
প্রতিবেদন বলছে, দক্ষিণ এশিয়ার আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো অন্য উদীয়মান অর্থনীতির তুলনায় প্রায় অর্ধেক গতিতে কর্মসংস্থান সৃষ্টি করছে। অবকাঠামোগত দুর্বলতা, জটিল নিয়মকানুন, প্রশিক্ষণের ঘাটতি ও উদ্ভাবনে সীমাবদ্ধতা প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ বাধাগ্রস্ত করছে।
নারীর কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নে জোর
দক্ষিণ এশিয়ায় নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার মাত্র ৩৫ শতাংশ। শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির ঘাটতিও কর্মক্ষম জনগোষ্ঠীর উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানো, দক্ষতা উন্নয়ন, শিশুপুষ্টি নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার মান বাড়ানো গেলে অর্থনীতিতে উল্লেখযোগ্য সুফল পাওয়া সম্ভব।
বিশ্বব্যাংকের মডেলভিত্তিক হিসাব অনুযায়ী, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও নারীর কর্মসংস্থানে মাঝারি মাত্রার উন্নতি ঘটাতে পারলে ২০৫০ সালে বাংলাদেশের মাথাপিছু প্রকৃত জিডিপি নীতিগত পরিবর্তন না হওয়ার পরিস্থিতির তুলনায় ৪ শতাংশ বেশি হতে পারে।
বার্ধক্যের প্রস্তুতি এখনই
প্রবীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদি পরিচর্যা ও অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাকে প্রতিবেদনে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ায় কর্মক্ষম মানুষের মাত্র ১৭ শতাংশ সরকারি বাধ্যতামূলক আনুষ্ঠানিক পেনশন ব্যবস্থায় অবদান রাখেন। প্রবীণদের মাত্র ১০ শতাংশ কোনো পেনশন সুবিধা পান।
বাংলাদেশ ও নেপালের এক-তৃতীয়াংশেরও কম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনার প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বব্যাংকের সুপারিশ, কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি পেনশনব্যবস্থা সম্প্রসারণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, প্রবীণদের পরিচর্যার জন্য প্রশিক্ষিত কর্মী তৈরি এবং কর্মজীবীদের আজীবন দক্ষতা উন্নয়নের সুযোগ গড়ে তুলতে হবে। নারীদের নিরাপদ যাতায়াত, শিশুযত্নের ব্যবস্থা ও নমনীয় কর্মপরিবেশও শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।
প্রতিবেদনটির মূল বার্তা হলো, কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ার সুযোগ কাজে লাগানো এবং ভবিষ্যতের বার্ধক্য মোকাবিলার প্রস্তুতি আলাদা করে নেওয়ার সুযোগ দক্ষিণ এশিয়ার নেই। বাংলাদেশের জন্যও কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় এখনকার বিনিয়োগই ভবিষ্যতের অর্থনৈতিক সক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০৪৫ সালে বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত সর্বোচ্চ হবে। তার আগেই কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও পেনশনব্যবস্থা শক্তিশালী করার তাগিদ দিয়েছে সংস্থাটি।












