নিরাপত্তার কারণে বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেসের নির্ধারিত যাত্রা সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। একই কারণে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেসের নিয়মিত যাত্রাও বাতিল করা হয়েছে। তবে বিকল্প রুটে ট্রেনটি চলাচল করবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পারভীনা খাতুন। তিনি জানান, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট মতামত বা তথ্য পাওয়া যায়নি। এ অবস্থায় রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার রূপসী বাংলা এক্সপ্রেসের ৮২৮/৮২৭ নম্বর এবং জাহানাবাদ এক্সপ্রেসের ৮২৫/৮২৬ নম্বরের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে।
বিকল্প রুটে চলবে জাহানাবাদ এক্সপ্রেস
যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল-যশোর-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস এবং খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেসের নিয়মিত চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জাহানাবাদ এক্সপ্রেস বিকল্প পথে যাত্রী পরিবহন করবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০০০৩/২০০০৪ নম্বরের জাহানাবাদ এক্সপ্রেস খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে চলাচল করবে। ঢাকা থেকে ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। আর খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
যেসব স্টেশনে থামবে ট্রেন
বিকল্প রুটে চলাচলের সময় জাহানাবাদ এক্সপ্রেস দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনা স্টেশনে যাত্রাবিরতি করবে।
এ ছাড়া চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গায় ট্রেনটির হল্ট থাকবে।
১৯ নভেম্বর থেকে বন্ধ রূপসী বাংলা
বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকেই বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটির যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কার্যক্রমও চালু করেছে রেলওয়ে।
রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ফলে বেনাপোল-ঢাকা রুটের যাত্রীদের আপাতত রূপসী বাংলা এক্সপ্রেসের সেবা পাওয়া যাবে না। অন্যদিকে খুলনা-ঢাকা রুটের যাত্রীরা বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেসে যাতায়াত করতে পারবেন।












