যুক্তরাজ্যে নিট অভিবাসন কমে গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) প্রকাশিত সর্বশেষ হিসাবে, ২০২৬ সালের জুনে শেষ হওয়া ১২ মাসে যুক্তরাজ্যে যত মানুষ প্রবেশ করেছেন, তার চেয়ে বেশি মানুষ দেশটি ছেড়ে গেছেন। এ সময়ে নিট অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজারে, যা আগের ১২ মাসের ২ লাখ ৪ হাজারের তুলনায় ৬০ শতাংশেরও বেশি কম।
ওএনএসের হিসাবে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় ৭ লাখ ৩৮ হাজার মানুষ যুক্তরাজ্যে এসেছেন। একই সময়ে দেশ ছেড়েছেন ৬ লাখ ৬১ হাজার মানুষ। দুই সংখ্যার ব্যবধানই নিট অভিবাসন।
১৯৯৭ সালের পর, করোনা মহামারির সময় বাদ দিলে, এটিই সর্বনিম্ন নিট অভিবাসনের হিসাব। ২০২৩ সালে যুক্তরাজ্যে নিট অভিবাসন রেকর্ড ৯ লাখ ৪৪ হাজারে পৌঁছেছিল। এরপর থেকে তা ধারাবাহিকভাবে কমেছে।
ভিসা নীতিতে কঠোরতার প্রভাব
ওএনএস জানিয়েছে, সর্বশেষ সময়ে সামগ্রিক নিট অভিবাসন কমার প্রধান কারণ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে যুক্তরাজ্যে আসা মানুষের সংখ্যা হ্রাস।
২০২৩ সালে অভিবাসীর মোট সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ ৫০ হাজার। সর্বশেষ হিসাবে তা কমে ৭ লাখ ৩৮ হাজারে নেমেছে। ২০২৪ সাল থেকে অভিবাসীদের কাজের ভিসার শর্ত কঠোর করা হয়েছে। নতুন নিয়মে কাজের ভিসার জন্য বেতনের ন্যূনতম সীমা বাড়িয়ে দেওয়া হয়, যাতে মূলত স্নাতক পর্যায়ের দক্ষতাসম্পন্ন কর্মীরা প্রবেশের সুযোগ পান। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আসার সুযোগও সীমিত করা হয়েছে।
সামাজিক পরিচর্যা খাতে ভিসার সংখ্যাও ৯৮ শতাংশের বেশি কমানো হয়েছে। এসব বিধিনিষেধের প্রভাবে ইউরোপের বাইরের দেশগুলো থেকে নিট অভিবাসন ২০২৫ সালের জুনে শেষ হওয়া বছরে ৩ লাখ ৭৯ হাজার থেকে কমে সর্বশেষ সময়ে ২ লাখ ৫৮ হাজারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পাশাপাশি নরওয়ে, আইসল্যান্ড, লিশটেনস্টাইন ও সুইজারল্যান্ডের নাগরিকদের নিয়ে গঠিত ‘ইইউ-প্লাস’ গোষ্ঠীর ক্ষেত্রে যুক্তরাজ্যে আসার চেয়ে দেশটি ছেড়ে যাওয়ার সংখ্যা প্রায় ৪৫ হাজার বেশি।
দেশ ছাড়ার প্রবণতাও বেড়েছে
নিট অভিবাসন কমার আরেকটি কারণ হলো যুক্তরাজ্য ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি। ওএনএসের ভাষায়, অভিবাসীদের আসা-যাওয়ার এই প্রবণতাকে বলা হয় ‘টার্নওভার’ বা ‘চর্ন’।
২০২৫-২৬ সময়ে যুক্তরাজ্য ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ৫ লাখের কিছু বেশি থেকে বেড়ে ৬ লাখ ৬১ হাজার হয়েছে। মহামারির পর যাঁরা যুক্তরাজ্যে এসেছিলেন, তাঁদের একটি অংশ দুই থেকে পাঁচ বছর পর নিজ দেশে ফিরে যাচ্ছেন। ‘বরিসওয়েভ’ নামে পরিচিত সেই অভিবাসী প্রবাহের মানুষের ফিরে যাওয়াও দেশত্যাগের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
সর্বশেষ সময়ে ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রেও যুক্তরাজ্যে ফিরে আসার তুলনায় দেশ ছেড়ে যাওয়ার সংখ্যা বেশি। এক বছরে প্রায় ১ লাখ ৩৭ হাজার বেশি ব্রিটিশ নাগরিক দেশ ছেড়েছেন। গত পাঁচ বছর ধরে এই ব্যবধান মোটামুটি একই পর্যায়ে রয়েছে বলে ওএনএস জানিয়েছে।
রাজনৈতিক বিতর্কে অভিবাসন ইস্যু
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ অভিবাসন কমার কৃতিত্ব সরকারের সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন ব্যবস্থার সংস্কারের ওপর দিয়েছেন। তাঁর দাবি, আগের কনজারভেটিভ সরকার সীমান্ত নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল এবং নিট অভিবাসন কয়েক লাখে পৌঁছানোর সুযোগ দিয়েছিল। বর্তমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিরিয়ে আনছে, যদিও এ ক্ষেত্রে আরও কাজ বাকি রয়েছে।
২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিট অভিবাসন বছরে কয়েক দশ হাজারে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি ব্রেক্সিট গণভোটের আগের রাজনৈতিক বিতর্কেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সর্বশেষ ৭৭ হাজারের হিসাব দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে।
তবে বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া ভিন্ন। রিফর্ম ইউকের স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ বলেছেন, এই পরিসংখ্যান উদ্যাপনের কারণ নয়। তাঁর মতে, অবৈধভাবে আসা ব্যক্তিদের বহিষ্কার করাই ব্রিটিশ নাগরিকদের জীবনমান উন্নত করার একমাত্র উপায়।
কনজারভেটিভদের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলপও আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তিনি বার্ষিক আইনগতভাবে বাধ্যতামূলক অভিবাসনসীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। তাঁর দাবি, নিট অভিবাসন কমার পেছনে আগের কনজারভেটিভ সরকারের নেওয়া পদক্ষেপের ভূমিকা রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পরিসংখ্যানে ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদনের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছানোর তথ্য পাওয়া গেছে। একই সময়ে আশ্রয়প্রার্থীদের বিষয়ে ঝুলে থাকা সিদ্ধান্তের সংখ্যা অর্ধেকে নেমেছে।












