যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে গড় শুল্কের হার ২৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব কার্যকর হলে দেশের পোশাক রপ্তানিকারকদের ব্যয় ও প্রতিযোগিতার চাপ বাড়বে। চীন, ভারত ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের শুল্কহার কম থাকলেও কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার সমপর্যায়ে পৌঁছাবে। আর ভারত ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সুবিধা পেলে বাংলাদেশের বর্তমান তুলনামূলক অবস্থানও বদলে যেতে পারে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। গত ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের ভিত্তিতে সেকশন ৩০১-এর আওতায় নতুন শুল্ক আরোপের প্রস্তাব প্রকাশ করে। এতে বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান শুল্ক কাঠামো সমন্বয় করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে আলোচনা ও প্রতিশ্রুতি সন্তোষজনক না হলে তা ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
শুল্কের চাপ বাড়বে ৮ শতাংশ পয়েন্ট
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের বর্তমান গড় শুল্ক ২৫ দশমিক ৬ শতাংশ। প্রস্তাবিত সর্বোচ্চ হার কার্যকর হলে তা বেড়ে ৩৩ দশমিক ৬ শতাংশ হতে পারে। অর্থাৎ শুল্কের চাপ বাড়বে ৮ শতাংশ পয়েন্ট।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সিএনবিসিকে জানিয়েছেন, নতুন শুল্ক জবরদস্তিমূলক শ্রমসংক্রান্ত শুল্কের সঙ্গে সরাসরি যোগ হবে না। বাংলাদেশের ক্ষেত্রে বিদ্যমান ১০ শতাংশ শুল্ক সমন্বয় করে ১৮ শতাংশে উন্নীত করার কথা বলা হয়েছে। ফলে কার্যকর বৃদ্ধির পরিমাণ হবে ৮ শতাংশ পয়েন্ট।
প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে ব্যবধান কমবে
নতুন প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকে বাংলাদেশের গড় শুল্কহার চীন, ভারত ও ভিয়েতনামের চেয়ে কম থাকবে। তবে ব্যবধানের চিত্র দেশভেদে ভিন্ন হবে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে চীনের পোশাকে গড় শুল্ক দাঁড়াতে পারে ৪৩ দশমিক ১ শতাংশ, ভারতের ৪০ দশমিক ৬ শতাংশ এবং ভিয়েতনামের ৫০ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার ক্ষেত্রে হার হতে পারে ৩৩ দশমিক ৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের তদন্তের আওতায় না থাকায় পাকিস্তানের শুল্কহার আগের মতো ২৫ দশমিক ৬ শতাংশে থাকতে পারে।
তবে ভারত ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারলে পরিস্থিতি বদলে যেতে পারে। সে ক্ষেত্রে ভারতের শুল্কহার ৩২ দশমিক ৬ শতাংশ এবং ভিয়েতনামের ৩৫ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। অর্থাৎ চুক্তির সুবিধা পেলে ভারত বাংলাদেশের চেয়ে ১ শতাংশ পয়েন্ট কম শুল্কে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করতে পারবে।
তুলা আমদানির সুবিধা নিয়ে অনিশ্চয়তা
নতুন প্রস্তাবে তৈরি পোশাকের জন্য আলাদা কোনো শুল্ক ছাড় রাখা হয়নি। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে তুলা আমদানিসংক্রান্ত যে কোটার সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে বিষয়েও প্রস্তাবে নতুন কোনো অগ্রগতির উল্লেখ নেই।
তবে নির্দিষ্ট কিছু পোশাকের শুল্ক কমাতে বস্ত্র খাতের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত চেয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর। আলোচনার মাধ্যমে কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক সুবিধা আদায়ের সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক বাড়লে বাংলাদেশের পোশাকের প্রতিযোগিতামূলক সক্ষমতা চাপে পড়বে। বিশেষ করে ভারত ও ভিয়েতনাম বাণিজ্য চুক্তির মাধ্যমে সুবিধা পেলে বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতা কঠিন হবে।
তাঁর মতে, আলোচনায় বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত নতুন শুল্কের হার ১৭ শতাংশ বা তার নিচে রাখা। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ব্যবহার করে তৈরি পোশাকের জন্য বিশেষ শুল্ক সুবিধা আদায়ের চেষ্টা করতে হবে। এতে ওই তুলা দিয়ে উৎপাদিত পোশাকের রপ্তানি সক্ষমতা বাড়তে পারে।
বিনিয়োগ ও কর্মসংস্থানেও প্রভাবের আশঙ্কা
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুনের মতে, অতিরিক্ত শুল্ক কার্যকর হলে রপ্তানিকারকদের মুনাফা কমার আশঙ্কা রয়েছে। প্রতিযোগী দেশগুলো বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্ক সুবিধা পেলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখা আরও কঠিন হতে পারে। এর প্রভাব বিনিয়োগ ও কর্মসংস্থানেও পড়তে পারে।
তিনি শুল্ক কমানোর পাশাপাশি উৎপাদন ব্যয় হ্রাস, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং নতুন রপ্তানি বাজার অনুসন্ধানের মাধ্যমে বাজার বহুমুখীকরণের প্রয়োজনীয়তার কথাও বলেছেন।
জানুয়ারিতে গুরুত্বপূর্ণ শুনানি
প্রস্তাবিত শুল্ক নিয়ে মতামত জমা দেওয়ার শেষ সময় আগামী ৫ জানুয়ারি। এরপর ২৫ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সময়সীমার মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে তথ্য-উপাত্ত ও যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরা জরুরি। বিশেষ করে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগের বিষয়ে দেশের অবস্থান স্পষ্ট করা এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করা প্রয়োজন।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের গড় সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশভিত্তিক শুল্ক ১৫ দশমিক ৬ শতাংশ ধরে মোট শুল্কের হিসাব করা হয়েছে। চীনের ক্ষেত্রে ২০১৯ সালে আরোপিত অতিরিক্ত ৭ দশমিক ৫ শতাংশ শুল্কও এতে অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখিত হারগুলো প্রস্তাবিত সর্বোচ্চ শুল্কের হিসাব; এগুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়।












