ভারতে প্যাকেটজাত খাবারের গায়ে চিনি, লবণ ও চর্বির পরিমাণ সম্পর্কে সতর্কতামূলক তথ্য প্রদর্শনের নিয়ম আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, কোনো খাবারে এসব উপাদানের পরিমাণ বেশি থাকলে প্যাকেটের সামনের অংশে আলাদা আলাদা তিনটি সতর্কতামূলক চিহ্ন দিতে হবে। শুধু একটি সম্মিলিত সতর্কবার্তা দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না।
বৃহস্পতিবার দেওয়া এক রায়ে আদালত ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রস্তাবিত লেবেলিং ব্যবস্থায় পরিবর্তন আনার নির্দেশ দেন। আগে কর্তৃপক্ষের প্রস্তাবে চিনি, লবণ ও চর্বির আধিক্য বোঝাতে একটি সম্মিলিত সতর্কতামূলক চিহ্ন রাখার কথা ছিল। কিন্তু নতুন নির্দেশনায় প্রতিটি উপাদানের জন্য আলাদা ষড়ভুজ আকৃতির লাল সতর্কতামূলক চিহ্ন ব্যবহারের কথা বলা হয়েছে।
একই সঙ্গে আন্তর্জাতিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পণ্য ও লেবেলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন দেশে ভিন্ন মান অনুসরণের সমালোচনা করেছে আদালত। বিচারকদের বক্তব্য, কোনো প্রতিষ্ঠান যদি একটি দেশে স্বেচ্ছায় কঠোর খাদ্য সতর্কতামূলক লেবেল ব্যবহার করে, তাহলে ভারতের বাজারে একই ধরনের তথ্য দিতে আপত্তি করা উচিত নয়।
আদালত উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন দেশে একই প্রতিষ্ঠানের পণ্যের উপাদান ও গুণগত মানে পার্থক্য থাকার অভিযোগ উঠেছে। এমন দ্বৈতনীতি সত্য হলে তা অত্যন্ত উদ্বেগজনক। যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের একজন ভোক্তা যে পরিমাণ সুরক্ষা ও তথ্য পাওয়ার অধিকার রাখেন, ভারতের একজন ভোক্তাও একই অধিকার রাখেন।
চিনি, লবণ ও চর্বির জন্য আলাদা সতর্কবার্তা
সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা বলেছেন, যেসব পণ্যে উদ্বেগজনক মাত্রায় কোনো পুষ্টি উপাদান রয়েছে, সেগুলোর জন্য আলাদা ষড়ভুজ আকৃতির সতর্কতামূলক চিহ্ন রাখতে হবে। প্রতিটি চিহ্নে স্পষ্টভাবে ‘উচ্চ চর্বি’, ‘উচ্চ চিনি’ অথবা ‘উচ্চ লবণ’ লেখা থাকতে হবে। একটি সম্মিলিত চিহ্ন দিয়ে তিনটি উপাদানের তথ্য প্রকাশ যথেষ্ট নয়।
স্বাস্থ্য অধিকারকর্মীরা আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মামলাটি দায়ের করা অলাভজনক সংগঠন ‘থ্রি এস অ্যান্ড আওয়ার হেলথ’-এর প্রধান আইনজীবী রাজীব শঙ্কর দ্বিবেদী একে ভারতের পুষ্টি ও জনস্বাস্থ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।
বহুজাতিক খাদ্যপ্রতিষ্ঠানের ওপর বাড়তি চাপ
নতুন নির্দেশনা পেপসিকো, মনডেলেজ, কোকা-কোলা, ইউনিলিভার ও নেসলের মতো আন্তর্জাতিক খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কঠোর সতর্কতামূলক লেবেলিং ব্যবস্থার বিরোধিতা করে আসছে। তাদের যুক্তি ছিল, এ ধরনের লেবেল ভোক্তাদের খাদ্য নির্বাচনকে কার্যকরভাবে প্রভাবিত করে না।
ভারতে খাদ্যপণ্যের লেবেলিং নিয়ে বিতর্কের মধ্যে এসব প্রতিষ্ঠানের প্রভাব ও তদবিরের বিষয়টিও আলোচনায় এসেছে। অন্যদিকে ইউরোপের বিভিন্ন বাজারে অনেক প্রতিষ্ঠান স্বেচ্ছায় কঠোর সতর্কতামূলক লেবেল ব্যবহার করছে।
পণ্যের উপাদানে দেশভেদে পার্থক্যের বিষয়টি বোঝাতে একটি উদাহরণও সামনে এসেছে। লন্ডনে বিক্রি হওয়া একটি ফান্টার ক্যানে ক্যালরি ৬৩ হলেও একই আকারের ভারতে বিক্রি হওয়া পণ্যে ক্যালরি ১৮৫। ভারতে বিক্রি হওয়া পানীয়টিতে চিনির পরিমাণও প্রায় তিন গুণ বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইন চূড়ান্ত হলে এক বছর সময় পাবে শিল্প
ভারতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রেস্তোরাঁ ও খাদ্যপ্রতিষ্ঠানগুলোতে দেশজুড়ে অভিযানও চলছে। খাদ্যপণ্যের স্বাস্থ্যঝুঁকি, অস্বাস্থ্যকর পরিবেশ এবং মান নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগের মধ্যে নতুন লেবেলিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, চূড়ান্ত লেবেলিং আইন কার্যকর হওয়ার পর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে এক বছর সময় দেওয়া হবে। আদালত নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়েছেন।
নতুন ব্যবস্থা কার্যকর হলে প্যাকেটজাত খাবার কেনার সময় ভোক্তারা কোনো পণ্যে চিনি, লবণ কিংবা চর্বির আধিক্য রয়েছে কি না, তা আরও সহজে বুঝতে পারবেন। এতে খাদ্য নির্বাচন সম্পর্কে সচেতনতা বাড়ার পাশাপাশি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পণ্য ও তথ্য প্রকাশের ক্ষেত্রেও জবাবদিহি বাড়তে পারে।












