ভিয়েতনামে পোষা বিড়াল ও কুকুর চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। চুরি করা এসব প্রাণীর অনেককেই বিক্রি করে দেওয়া হচ্ছে মাংসের বাজারে। রাজধানী হ্যানয়ের আশপাশের খোলা বাজার ও পশু জবাইয়ের কেন্দ্রগুলোতে হারিয়ে যাওয়া পোষা প্রাণীর সন্ধান করছেন মালিকেরা। দেশটিতে একদিকে বিড়াল-কুকুরকে পরিবারের সদস্য হিসেবে দেখার প্রবণতা বাড়ছে, অন্যদিকে দীর্ঘদিনের খাদ্যসংস্কৃতির অংশ হিসেবে এসব প্রাণীর মাংসের চাহিদাও রয়ে গেছে। এই দুই বাস্তবতার সংঘাতের সুযোগ নিচ্ছে সংঘবদ্ধ চোরচক্র।
সম্প্রতি হ্যানয়ের উপকণ্ঠের একটি সড়কসংলগ্ন বাজারে নিজের হারিয়ে যাওয়া নয় বছর বয়সী বিড়াল ডমকে খুঁজতে যান ৪০ বছর বয়সী সিরামিক ব্যবসায়ী কিউ মিন ফুং। বাজারটিতে অসংখ্য খাঁচায় বিড়াল, কুকুর, খরগোশ ও লড়াইয়ের মোরগ রাখা ছিল। এসব প্রাণীর কোনোটি পোষা প্রাণী হিসেবে বিক্রির জন্য, আবার কোনোটি মাংসের জন্য জবাইয়ের উদ্দেশ্যে আনা হয়েছে।
ফুং জানান, ফেসবুকের বিভিন্ন গ্রুপে তিনি এমন অনেক ঘটনা দেখেছেন, যেখানে মালিকেরা বাজারে গিয়ে হারিয়ে যাওয়া পোষা প্রাণী খুঁজে পেয়েছেন। তাঁর ধারণা, ডমকে চুরি করা হয়েছে। ছোটবেলা থেকে নিজের কাছে বড় করা বিড়ালটি আগে কখনো হারিয়ে যায়নি। একই রাতে আশপাশের কয়েকজন প্রতিবেশীর পোষা প্রাণীও নিখোঁজ হয়েছিল।

সংঘবদ্ধ চোরচক্রের লক্ষ্য পোষা প্রাণী
ভিয়েতনামের পুলিশ চলতি বছর পোষা প্রাণী চুরির অভিযোগে বহু সন্দেহভাজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার বিড়াল ও কুকুর চুরি করে জবাইয়ের জন্য বিক্রির অভিযোগ রয়েছে।
দেশটিতে বিড়াল ও কুকুরের মাংস কেনাবেচা এবং খাওয়া আইনত বৈধ। তবে প্রাণী চুরি অপরাধ হিসেবে গণ্য হয়।
পোষা প্রাণী চুরির কোনো জাতীয় পরিসংখ্যান নেই। তবে পুলিশ পরিচালিত সংবাদমাধ্যমগুলোতে মাঝেমধ্যে এ ধরনের অপরাধের তথ্য প্রকাশ করা হয়। গত মাসে হো চি মিন সিটি পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাংসের বাজারে সরবরাহের উদ্দেশ্যে ২ হাজার ৭০০টি বিড়াল চুরির অভিযোগ রয়েছে। এপ্রিলে হ্যানয় পুলিশ ৩০০টির বেশি বিড়াল চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে।
পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, চোরেরা সাধারণত গভীর রাতে মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় ঘোরে। তাদের সঙ্গে থাকে বস্তা, আঠালো টেপ এবং প্রাণীকে অচেতন বা বশে আনতে ব্যবহৃত অস্থায়ী অস্ত্র, এমনকি তৈরি করা বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্রও।
এ বিষয়ে মন্তব্য এবং পোষা প্রাণী চুরির পরিসংখ্যান জানতে রয়টার্স হ্যানয় পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

প্রজন্মভেদে বদলাচ্ছে প্রাণী দেখার দৃষ্টিভঙ্গি
প্রায় ১০ কোটি মানুষের দেশ ভিয়েতনামে পোষা প্রাণী নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিড়াল ও কুকুরকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করার প্রবণতা বাড়ছে।
হ্যানয় নগর প্রশাসনও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কুকুর ও বিড়ালের মাংসের ব্যবসা নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে দেশটির বিভিন্ন এলাকায় এখনো রেস্তোরাঁ ও খাবারের দোকানে এসব প্রাণীর মাংস পরিবেশন করা হয়। রাজধানীর কিছু সড়কের পাশেও আস্ত ভাজা কুকুর বিক্রি করতে দেখা যায়।
পোষা প্রাণীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চোরদের লক্ষ্যবস্তু ও সুযোগও বেড়েছে। চুরি করা প্রাণীগুলো সহজেই প্রতিষ্ঠিত মাংসের বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে।
পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাজারে জীবিত কুকুরের দাম প্রতি কেজি প্রায় ১ দশমিক ৫০ ডলার। বিড়ালের দাম প্রতি কেজি প্রায় ৫ ডলার। অন্যদিকে ভিয়েতনামে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি প্রায় ৬৯ সেন্ট থেকে ৯৯ সেন্টের মধ্যে।
হাইফংয়ের ৫০ বছর বয়সী ট্রাকচালক ট্রান থান বলেন, শ্রমজীবী মানুষের মধ্যে বিড়ালের মাংস বেশ জনপ্রিয়। তাঁর মতে, মূলত তাঁর বয়সী বা তার চেয়ে বেশি বয়সী মানুষের মধ্যে এই খাবারের অভ্যাস বেশি রয়েছে। প্রায় ২৩ ডলার খরচ করে ছয়জন মিলে বিড়ালের মাংসের হটপট খেতে পারেন। ভাতের সঙ্গে চালের মদ পান করার সময় অনেকে শূকর বা মুরগির মাংসের বদলে বিড়ালের মাংস পছন্দ করেন।
ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। দেশটির কিছু মানুষের বিশ্বাস, এসব মাংস শরীরের শক্তি বাড়ায় এবং দুর্ভাগ্য দূর করতে সাহায্য করে।

বছরে লাখ লাখ প্রাণী জবাইয়ের অনুমান
বিড়াল ও কুকুরের মাংসের বাজারের প্রকৃত আকার নিয়ে সরকারি কোনো পরিসংখ্যান নেই। তবে প্রাণীকল্যাণবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ফোর পজ ইন্টারন্যাশনালের ২০২০ সালের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছিল, ভিয়েতনামে প্রতিবছর ৫০ লাখের বেশি কুকুর এবং ১০ লাখ বিড়াল জবাই করা হয়।
তবে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনে এই শিল্পের ব্যবসা কয়েক বছর ধরেই সংকুচিত হচ্ছে।
৭০ বছর বয়সী ট্রান হিউ থান একসময় কুকুরের মাংসের রেস্তোরাঁ পরিচালনা করতেন। বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ২০১৯ সালে তিনি ব্যবসা বন্ধ করে দেন। তাঁর ভাষায়, নতুন প্রজন্মের মানুষ এখন কুকুর ঘরের ভেতরে রাখে এবং পরিবারের সদস্যের মতো যত্ন নেয়।
২০১৮ সালে হ্যানয় প্রশাসন নগরবাসীকে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছিল। প্রশাসনের বক্তব্য ছিল, এ ধরনের খাবার রাজধানীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায়।
গত বছর কুকুর ও বিড়ালের মাংসের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিকল্প পেশায় নিয়ে আসতে একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করা হয়। এর আওতায় তাদের পেশাগত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় পরিচালিত ভিয়েতনাম ইনভেস্টমেন্ট রিভিউ চলতি সপ্তাহে জানিয়েছে, কর্মসূচি শুরুর এক বছর পর ২৮টি ব্যবসাপ্রতিষ্ঠান তাদের পেশা পরিবর্তন করেছে।

বাজারে প্রাণীর উৎস যাচাইয়ের দুর্বলতা
আইন অনুযায়ী, বিক্রেতাদের বাজারে রাখা প্রাণীগুলোর উৎস সম্পর্কে প্রমাণ দেখাতে হয়। কিন্তু হ্যানয়ের বাসিন্দাদের অভিযোগ, এ নিয়ম যথাযথভাবে কার্যকর হচ্ছে না।
রয়টার্সের পক্ষ থেকে শহরের একটি খোলা বাজারের পাঁচজন বিক্রেতার সঙ্গে কথা বলা হয়। তাঁদের মধ্যে তিনজনই জানান, তাঁরা জানেন না কোথা থেকে প্রাণীগুলো সংগ্রহ করা হয়েছে। তাঁরা কেউই নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি।
এ বিষয়ে মন্তব্য জানতে হ্যানয় নগর প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

আশ্রয়কেন্দ্রেও জায়গা ও অর্থের সংকট
হ্যানয়ের পরিত্যক্ত ও চুরি হওয়া পোষা প্রাণীদের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্রগুলোর একটি এসএনএনসি ডগ অ্যান্ড ক্যাট রেসকিউ সেন্টার। বিভিন্ন সময় জবাইখানায় নেওয়া হচ্ছে এমন প্রাণীর খবর পেলে আশ্রয়কেন্দ্রটির কর্মীরা সেগুলো উদ্ধারের চেষ্টা করেন।
সংস্থাটির যোগাযোগ ব্যবস্থাপক হিসেবে স্বেচ্ছাসেবী কাজ করা ফান ত্রুং থান জানান, অনেক ক্ষেত্রে কর্মীরা মাংস হিসেবে বিক্রি করে যে অর্থ পাওয়া যেত, তার চেয়ে বেশি দাম দিয়ে প্রাণীগুলো কিনে নেন। তবে অর্থের অভাবে উদ্ধার কার্যক্রম সীমিত করতে হয়েছে। বর্তমানে আশ্রয়কেন্দ্রটিতে প্রায় ১ হাজার ৪০০ প্রাণী রয়েছে। এর বেশি প্রাণীর দায়িত্ব নেওয়ার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই।
এদিকে নিজের বিড়াল ডম নিখোঁজ হওয়ার এক মাস পরও ফুং তার সন্ধান পাননি। তিনি এখনো বিভিন্ন ইন্টারনেটভিত্তিক ওয়েবসাইট পর্যবেক্ষণ করেন। সেখানে হারিয়ে যাওয়া প্রাণীর ছবি প্রকাশ করে সেগুলো ফিরিয়ে দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করা হয়।
ফুং বলেন, ডম ছিল তাঁর মানসিক সমর্থনের সঙ্গী। বিড়ালটি ছাড়া তাঁর বাড়িটি এখন একেবারেই শূন্য মনে হয়।














