আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে নারীদের নাম ব্যবহারের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে তালেবান কর্তৃপক্ষ। সরকারি নথি, চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং হাসপাতালের স্বাস্থ্যসংক্রান্ত ফাইলে নারীদের নিজস্ব নাম লেখা নিষিদ্ধ করা হয়েছে। পরিবর্তে সরকারি কর্মচারী ও চিকিৎসাকর্মীদের নারীদের ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। ‘বিবি’ শব্দটির অর্থ সাধারণত দাদি বা বয়স্ক নারী।
এমনকি নারীদের পরিচয়ের ক্ষেত্রে ‘ছাগল’ বা ‘গরু’র মতো অবমাননাকর শব্দও ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন অধিকারকর্মীরা। তাঁদের মতে, নারীদের নিজস্ব নাম ও ব্যক্তিসত্তা অস্বীকার করার বৃহত্তর প্রচেষ্টারই অংশ এই পদক্ষেপ। স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টিবিএস।
জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি বলেছেন, একটি নামের মধ্যে মানুষের মুখ, কণ্ঠস্বর ও জীবনের গল্প বহন করে। তাঁর ভাষায়, কাউকে অমানবিক করে তোলার প্রথম ধাপ হলো তার নাম কেড়ে নেওয়া।
তিনি বলেন, এটি নারীদের মানবিক পরিচয় মুছে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া। কোনো শাসনব্যবস্থা যখন একজন নারীর নামের পরিবর্তে পশুর নাম ব্যবহার করে, তখন তাকে মানুষ হিসেবে নয়, বরং একটি জৈবিক সত্তা কিংবা পুরুষের সম্পত্তি হিসেবে বিবেচনা করার প্রবণতা তৈরি হয়।
কাবুলের অধিকারকর্মীরা জানিয়েছেন, দেশের সব এলাকায় এখনো একইভাবে এসব বিধিনিষেধ কার্যকর হচ্ছে না। তবে ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা করছেন, স্থানীয় পর্যায়ে চালু হওয়া এসব নিষেধাজ্ঞা ভবিষ্যতে দেশব্যাপী বিধিনিষেধের পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে ব্যবহৃত হতে পারে।
আকবরের মতে, নারীদের অধিকার সীমিত করতে তালেবান একের পর এক নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে। এ পর্যন্ত নারীদের অধিকার সংকুচিত করে এমন ১৪৪টিরও বেশি নির্দেশনা জারি করা হয়েছে।
গোত্রীয় প্রথার আড়ালে নারীর পরিচয় মুছে ফেলা
আফগানিস্তানের কিছু গোত্রীয় ও সামাজিক রীতিতে প্রকাশ্যে নারীদের প্রথম নাম উচ্চারণ করাকে পুরুষের সম্মানের পরিপন্থী মনে করা হয়। এই প্রথার কারণে বিয়ের আমন্ত্রণপত্র থেকে শুরু করে কবরের ফলকেও অনেক সময় নারীদের নিজস্ব নাম উল্লেখ করা হয় না। তাঁদের পরিচয় দেওয়া হয় কোনো পুরুষের স্ত্রী, কন্যা কিংবা পরিবারের সদস্য হিসেবে।
অধিকারকর্মীদের বক্তব্য, এটি মূলত একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রথা, ইসলামের বাধ্যতামূলক বিধান নয়। পবিত্র কোরআনের ১৯তম সুরার নাম ‘মারইয়াম’। এই সুরায় মরিয়মের নাম ৩০ বারেরও বেশি উল্লেখ করা হয়েছে।
২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার আগে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের সময়ও আফগান সমাজে নারীদের নাম প্রকাশ্যে ব্যবহারের ক্ষেত্রে সামাজিক বাধা ছিল। তবে তাঁদের নাম ব্যবহারের ওপর কোনো আইনি নিষেধাজ্ঞা ছিল না। পাসপোর্টসহ সরকারি নথিতে নারীদের নাম থাকত। তাঁরা প্রকাশ্যে কাজ করতে পারতেন এবং নিজেদের নামেই অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিতে পারতেন।
নিজের নাম ফিরে পাওয়ার লড়াই
২০১৭ সালে লালাহ ওসমানি ‘হোয়্যার ইজ মাই নেম’ বা ‘আমার নাম কোথায়’ শীর্ষক প্রচারাভিযান শুরু করেন। শিশুদের জন্মসনদসহ সরকারি নথিতে মায়ের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে এই আন্দোলন গড়ে ওঠে।
বিভিন্ন হুমকি ও ভয়ভীতি সত্ত্বেও তিনি প্রচারাভিযান চালিয়ে যান। এমনকি উগ্রপন্থীদের হাতে নির্যাতিত এক নারীর চামড়া তুলে নেওয়ার ছবি পাঠিয়ে তাঁকে ভয় দেখানো হয়েছিল।
তবে আন্দোলনের ধারাবাহিকতায় ২০২০ সালের সেপ্টেম্বরে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে। সে সময় আফগান সরকার শিশুদের জন্মসনদে স্বেচ্ছায় মায়ের নাম অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়।
ওসমানির মতে, নারীর নামের স্বীকৃতি কেবল ব্যক্তিগত পরিচয়ের বিষয় নয়; এটি তাঁর অধিকার প্রতিষ্ঠা, সম্পত্তির মালিকানা এবং আইনি সুরক্ষা পাওয়ার সঙ্গেও জড়িত।
তিনি বলেন, নামহীন একজন মানুষ স্বপ্ন দেখতে পারেন না, সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন না, ন্যায়বিচার চাইতে পারেন না কিংবা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন না। আফগানিস্তানে একজন নারীকে তাঁর প্রকৃত নামে ডাকা এখন প্রতিরোধেরই একটি প্রকাশ।
নামহীনতার মাশুল গুনতে হচ্ছে চিকিৎসা ও আইনি লড়াইয়েও
নারীদের নাম সরকারি ও চিকিৎসাসংক্রান্ত নথি থেকে বাদ দেওয়ার পরিণতি শুধু সামাজিক পরিচয়ের সংকটে সীমাবদ্ধ নয়। এর প্রভাব পড়তে পারে স্বাস্থ্যসেবা, পারিবারিক আইন এবং দৈনন্দিন জীবনেও।
হাসপাতালে একাধিক রোগীকে একই ধরনের সাধারণ নামে অথবা ইচ্ছামতো পরিচিতি নম্বর দিয়ে শনাক্ত করা হলে চিকিৎসায় ভুলের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অধিকারকর্মীরা।
এর সঙ্গে যুক্ত হয়েছে নারী চিকিৎসকের স্বল্পতা এবং নারীদের চিকিৎসাশিক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা। পুরুষ চিকিৎসকদের মাধ্যমে নারীদের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ থাকায় দেশটির নারীদের স্বাস্থ্যসেবা আরও সংকুচিত হচ্ছে।
নারীর নাম ব্যবহারের সামাজিক নিষেধাজ্ঞা প্রজন্মের পর প্রজন্ম ধরে কীভাবে প্রভাব ফেলছে, তার একটি উদাহরণ তুলে ধরেছেন ওসমানি। এক আফগান ব্যক্তি তাঁকে জানিয়েছিলেন, পরিবারের কেউ কখনো তাঁর মায়ের প্রথম নাম উচ্চারণ না করায় তিনি জীবদ্দশায় মায়ের নাম জানতে পারেননি। মায়ের মৃত্যুর পর প্রথমবারের মতো তিনি সেই নাম জানতে পারেন।
সরকারি নথিতে নারীর নাম না থাকার কারণে পারিবারিক বিরোধ ও সন্তানদের অভিভাবকত্ব নিয়েও জটিলতা তৈরি হচ্ছে।
নির্বাসিত সাংবাদিক খাদিজা আমিনের অভিজ্ঞতা এর একটি উদাহরণ। প্রচলিত বিয়ের রীতির কারণে তাঁর সন্তানদের জন্মসনদে মায়ের পরিচয় অন্তর্ভুক্ত করা হয়নি। ২০২৪ সালে তাঁর সাবেক স্বামী তিন সন্তানকে জার্মানিতে নিয়ে গেলে সন্তানদের অভিভাবকত্ব ফিরে পাওয়ার জন্য পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।
কিন্তু সন্তানদের জন্মসনদে তাঁর নাম না থাকায় জার্মান পুলিশ প্রথমদিকে অভিযোগটি প্রক্রিয়াকরণ করতে পারেনি। প্রয়োজনীয় আইনি পরিচয় প্রতিষ্ঠা করতে না পারায় মামলাটি প্রায় দুই বছর বিলম্বিত হয়। এই সময়ের মধ্যে তাঁর সাবেক স্বামী সন্তানদের নিয়ে আবার আফগানিস্তানে পালিয়ে যান।
ফলে সন্তানদের কাছে ফিরে যাওয়ার সুযোগ হারান খাদিজা আমিন। নারীর নাম ও পরিচয় মুছে ফেলার প্রথা যে শেষ পর্যন্ত তাঁর মৌলিক অধিকার, আইনি সুরক্ষা এবং পারিবারিক সম্পর্ককেও বিপন্ন করতে পারে, এই ঘটনা তারই একটি নির্মম উদাহরণ।












