মা ছিলেন কারাগারে। আর অসুস্থ সন্তান অপেক্ষায় ছিল মায়ের একবার সান্নিধ্য পাওয়ার। চিকিৎসা ও পরিচর্যার অনিশ্চয়তার মধ্যে সেই অপেক্ষার অবসান হলো মৃত্যুর মধ্য দিয়ে। মায়ের সঙ্গে শেষবার দেখা করার আকাঙ্ক্ষা অপূর্ণ রেখেই মারা গেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তূর্যের মৃত্যু হয়। মৃত্যুর আগে মায়ের সঙ্গে একবার দেখা করার প্রবল ইচ্ছা ছিল তার। কিন্তু কারাগারের দূরত্ব ও প্রশাসনিক জটিলতায় সেই সুযোগ আর তৈরি হয়নি।
তূর্যের মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। তবে মায়ের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত না আসায় সন্তানের মরদেহ নিয়ে কী করা হবে, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছে পরিবার।
বর্তমানে তূর্যের মরদেহ রাজধানীর আজিমপুরের বাসায় একটি হিমায়িত মরদেহবাহী গাড়িতে রাখা হয়েছে। স্বজনেরা জানিয়েছেন, প্যারোলে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত না এলে মরদেহ কাশিমপুর কারাগারের সামনে নেওয়া হতে পারে।
সাপ্তাহিক ছুটির কারণে প্যারোলের আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়েও উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।
চিকিৎসা ও পরিচর্যা নিয়ে ছিল উদ্বেগ
এর আগে গত ৬ অক্টোবর গণমাধ্যমে তূর্যের চিকিৎসা ও পরিচর্যা নিয়ে পরিবারের উদ্বেগের বিষয়টি উঠে আসে। মায়ের অনুপস্থিতিতে তার চিকিৎসা, ওষুধপত্রের সংকট এবং অসমাপ্ত অস্ত্রোপচার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন স্বজনেরা।
একই সঙ্গে অসুস্থ বড় ভাইয়ের দেখভালের দায়িত্ব ছোট বোন তূর্নির ওপর পড়ার বিষয়টিও আলোচনায় আসে। পারিবারিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে থাকত।
পারিবারিক বিরোধ থেকে গ্রেপ্তার
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে গত ৩ অক্টোবর গভীর রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আটকের আগে কয়েক দিন ধরে নিজ বাসায় ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন শারমিন সুলতানা ও তার আইনজীবী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী হওয়ার কারণে পারিবারিক বিরোধের জেরে তৈরি পরিস্থিতি রাজনৈতিক রূপ নেয় বলেও অভিযোগ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
গ্রেপ্তারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের চিকিৎসা ও দেখভালের বিষয়টি তুলে ধরে শারমিন সুলতানার আকুতি এবং শেষ পর্যন্ত মায়ের সঙ্গে দেখা না করেই তূর্যের মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
একটি শিশুর চিকিৎসা, পরিচর্যা ও মায়ের সান্নিধ্যের প্রয়োজনীয়তা ঘিরে ঘটনাটি নতুন করে মানবিক ও প্রশাসনিক দায়িত্বশীলতার প্রশ্ন সামনে এনেছে।












