বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। একই সঙ্গে কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মির জামিন না হওয়া এবং সন্তানের মৃত্যুর পরও প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনায় মানবিকতা ও সহমর্মিতার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) দেওয়া এক প্রেস বিবৃতিতে জি এম কাদের বলেন, গত ৪ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় তূর্যের মা শারমিন সুলতানা শর্মিকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও তথ্যচিত্রে তিনি কিশোরটির অসহায় অবস্থার কথা জানতে পারেন। মায়ের সার্বক্ষণিক পরিচর্যা ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন তূর্যের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করে তখন উদ্বেগ জানিয়েছিলেন তিনি।
জি এম কাদের বলেন, মায়ের ওপর নির্ভরশীল আরেকটি শিশুকন্যার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। শর্মির জামিনের আবেদন অন্তত মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর জামিন হয়নি।
মায়ের আশঙ্কাই সত্য হলো
বিবৃতিতে জি এম কাদের বলেন, মায়ের অনুপস্থিতিতে প্রয়োজনীয় যত্ন ও সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে তূর্য অকালে মারা গেছে। শর্মি গ্রেপ্তারের পর যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, শেষ পর্যন্ত সেটিই সত্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সন্তানের মৃত্যুর পরও কারাবন্দি মায়ের প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তাঁর ভাষ্য অনুযায়ী, শেষ পর্যন্ত কারাগারের ফটকে দাঁড়িয়ে মাত্র কয়েক মুহূর্তের জন্য সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান শর্মি। সন্তানের নিথর মুখ দেখার এই করুণ পরিস্থিতি সমাজের মানবিকতা নিয়ে গভীর প্রশ্ন তৈরি করে বলে উল্লেখ করেন তিনি।
আইনের পাশাপাশি মানবিক বিবেচনার প্রশ্ন
জি এম কাদের বলেন, আইনের শাসন ও বিচারিক প্রক্রিয়া নিজস্ব নিয়মে চলবে—এটাই স্বাভাবিক। তবে এমন শোকাবহ ও সংবেদনশীল পরিস্থিতিতে মানবিকতা ও সহমর্মিতার জায়গাটি আরও উদারভাবে বিবেচনা করা সম্ভব ছিল কি না, সেই প্রশ্ন থেকেই যায়।
তিনি মনে করেন, বিশেষ চাহিদাসম্পন্ন একটি শিশুর পরিচর্যা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মায়ের জামিনের আবেদন মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়োজন ছিল।
বিবৃতিতে জি এম কাদের প্রয়াত তূর্যের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।












