কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে, ব্যক্তিগত বিতর্কের কারণে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন ছিল। এমন যুক্তিই তুলে ধরেছেন প্রযুক্তি খাতের বিনিয়োগকারী সারাহ গুও। তাঁর মতে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে আবার দায়িত্বে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে কোম্পানির দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করেছে। তবে এর অর্থ এই নয় যে, তাঁর ব্যক্তিগত আচরণ বা সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়গুলো উপেক্ষা করা উচিত।
সম্প্রতি মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা স্বীকার করার পর হুয়াংকে ঘিরে বিতর্ক তৈরি হয়। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার গ্রাহক। আবার মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, চীনে চিপ পাচারের সঙ্গে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টতা থাকতে পারে। রাজনৈতিক ও গণমাধ্যমের চাপের মধ্যে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ প্রথমে তাঁর পদত্যাগ গ্রহণ করে এবং তাঁকে পুনরায় দায়িত্বে ফেরানোর সম্ভাবনাও নাকচ করে দেয়। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
সারাহ গুওর মতে, হুয়াংকে ফিরিয়ে আনার পেছনে তিনটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।
ভবিষ্যতের বাজার চিনতে পারেন হুয়াং
প্রথম কারণ, প্রযুক্তির ভবিষ্যৎ বাজার সম্পর্কে হুয়াংয়ের দূরদর্শিতা এবং ঝুঁকি নেওয়ার সক্ষমতা। ২০১৩ সালে এনভিডিয়ার বাজারমূল্য ছিল ১০ বিলিয়ন ডলারেরও কম। সে সময় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিকে শেয়ারহোল্ডারদের বেশি অর্থ ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিল।
কিন্তু হুয়াং গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখতে চেয়েছিলেন। বিশেষ করে কুডা নামের সফটওয়্যার প্রযুক্তি, যার মাধ্যমে এনভিডিয়ার গ্রাফিকস চিপ সাধারণ কম্পিউটিংয়ের কাজেও ব্যবহার করা যায়, তখন অনেকের কাছে ব্যয়বহুল বিনিয়োগ বলে মনে হয়েছিল।
পরবর্তী সময়ে গবেষকেরা আবিষ্কার করেন, এনভিডিয়ার গেমিং চিপ ব্যবহার করে এআই গবেষণার গতি বহুগুণ বাড়ানো সম্ভব। এরপর হুয়াং গেমিং খাত থেকে অর্থ ও জনবল সরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার তৈরিতে মনোযোগ দেন।
২০১৬ সালে তিনি নিজে ওপেনএআইয়ের কাছে ডিএক্সজি-১ নামের একটি এআই সুপারকম্পিউটার পৌঁছে দেন। তখন প্রতিষ্ঠানটি ছিল ছোট একটি অলাভজনক উদ্যোগ। কয়েক বছর পর এই প্রযুক্তির জন্য বড় অঙ্কের ক্রয়াদেশ আসতে শুরু করে।
গুওর পর্যবেক্ষণ অনুযায়ী, হুয়াং এখনো নতুন বাজারের সম্ভাবনা খুঁজতে সরাসরি প্রযুক্তি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। নতুন উদ্যোক্তাদের কাছ থেকে এনভিডিয়ার পণ্যের সীমাবদ্ধতা জানতে চান এবং ছোট প্রতিষ্ঠানগুলোর প্রশ্নেরও দ্রুত উত্তর দেন।
ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা, বড় বিনিয়োগের শক্তি
দ্বিতীয় কারণ হুয়াংয়ের ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা। তাঁর প্রযুক্তিগত পূর্বাভাস বারবার বাস্তব হয়েছে বলে ব্যবসায়িক অংশীদারেরা তাঁর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ করতে আগ্রহী হন।
এর একটি উদাহরণ তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি। চাহিদা তৈরি হওয়ার বহু বছর আগেই উৎপাদন সক্ষমতা বাড়ানোর মতো বড় সিদ্ধান্ত নিতে প্রতিষ্ঠানটিকে রাজি করানোর ক্ষেত্রে হুয়াংয়ের বিশ্বাসযোগ্যতা গুরুত্বপূর্ণ।
নতুন কোনো প্রধান নির্বাহী একই সুযোগ শনাক্ত করতে পারেন। কিন্তু তাঁর পক্ষে অংশীদারদের কাছ থেকে একই মাত্রার আস্থা ও সমর্থন অর্জন করা সহজ নাও হতে পারে।
গুওর যুক্তি, পরিচালনা পর্ষদ নতুন প্রধান নির্বাহী নিয়োগ দিতে পারে, কিন্তু একজন প্রতিষ্ঠাতার দীর্ঘদিনের অর্জিত বিশ্বাসযোগ্যতা অন্য কারও হাতে তুলে দিতে পারে না।
উন্মুক্ত এআই মডেল ছড়িয়ে দেওয়ার লক্ষ্য
হুয়াংকে ফিরিয়ে আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উন্মুক্ত এআই মডেলের প্রসঙ্গ তুলে ধরেছেন গুও।
উন্মুক্ত মডেল এমন প্রযুক্তি, যা ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সংগ্রহ, পরিবর্তন ও পরিচালনা করতে পারেন। এর ফলে এআই ব্যবহারের সুযোগ কেবল বড় প্রযুক্তি কোম্পানি বা বিপুল অর্থসম্পদের মালিকদের মধ্যে সীমাবদ্ধ থাকে না।
যেমন, কোনো হাসপাতাল রোগীদের তথ্য নিজেদের ব্যবস্থার মধ্যেই রেখে উন্মুক্ত এআই মডেল ব্যবহার করতে পারে। একইভাবে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানও কোনো প্রযুক্তি সরবরাহকারীর অনুমতির ওপর নির্ভর না করে নিজেদের প্রয়োজন অনুযায়ী এআইভিত্তিক সেবা তৈরি করতে পারে।
গুওর মতে, কয়েকটি বড় কোম্পানির হাতে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হলে বিশ্ব অর্থনীতির বড় অংশকে তাদের কাছ থেকে বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ভাড়া নিতে হবে। এতে প্রযুক্তিগত ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার অল্প কয়েকটি প্রতিষ্ঠানের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।
এ ক্ষেত্রে চীনের উন্মুক্ত এআই মডেলগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রের তুলনায় এগিয়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া নিজস্ব উন্মুক্ত এআই মডেল তৈরি করেছে, পাশাপাশি বাইরের গবেষক ও উন্নয়নকারীদেরও সহায়তা দিচ্ছে। আগামী পাঁচ বছরে এই খাতে ২৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
তবে উন্মুক্ত প্রযুক্তি মানেই নিয়ন্ত্রণহীন ব্যবহার নয়। মডেলের নিরাপত্তা যাচাই এবং অপব্যবহার ঠেকাতে এনভিডিয়া বিভিন্ন সরঞ্জাম তৈরিতেও কাজ করছে। গুওর মতে, শক্তিশালী এআই মডেল কীভাবে বিতরণ করা হবে এবং কারা ব্যবহার করতে পারবে, সে বিষয়ে নিয়ম থাকা প্রয়োজন। কিন্তু কে মডেল তৈরি করবে, তা নিয়ন্ত্রণ করা উচিত নয়।
ব্যক্তিগত আচরণের তদন্তও জরুরি
হুয়াংয়ের ব্যবসায়িক সাফল্য তাঁর ব্যক্তিগত আচরণের দায় মুছে দিতে পারে না বলে স্বীকার করেছেন গুও।
তাঁর মতে, ব্যক্তিগত সম্পর্কের ঘটনায় স্বার্থের সংঘাত, তথ্য প্রকাশের বাধ্যবাধকতা এবং কর্মীদের সঙ্গে আচরণের বিষয়গুলো স্বাধীনভাবে তদন্ত করা প্রয়োজন। কোম্পানির বাণিজ্যিক সাফল্যের কারণে এসব প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
হুয়াংকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েও সমালোচনা রয়েছে। বিশেষ করে পরিচালনা পর্ষদের তদন্ত শেষ হওয়ার আগেই তাঁকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। হুয়াংয়ের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মার্কিন সিনেট কমিটিতে তাঁর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। চীনে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানি নিয়ন্ত্রণের বিষয়ে তাঁকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে।
গুও মনে করেন, তদন্তে যদি প্রমাণিত হয় যে হুয়াং জেনেশুনে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তাহলে তাঁর বিরুদ্ধে আবারও ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জাতীয় নিরাপত্তা ও রপ্তানি নিয়ন্ত্রণসংক্রান্ত ঝুঁকি তদারকির দায়িত্ব স্বাধীন পরিচালকদের দিয়েছে। নতুন একজন কমপ্লায়েন্স প্রধানও তাঁদের কাছে জবাবদিহি করবেন। পাশাপাশি অনিয়মের বিষয়ে কথা বলা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্বও পরিচালকদের ওপর থাকবে।
প্রতিষ্ঠাতার ওপর নির্ভরতা কমানোর প্রশ্ন
এনভিডিয়ার ক্ষেত্রে আরেকটি বড় প্রশ্ন হলো, একটি প্রতিষ্ঠান কত দিন তার প্রতিষ্ঠাতার ব্যক্তিগত নেতৃত্বের ওপর নির্ভরশীল থাকবে।
গুও স্বীকার করেছেন, কোনো কোম্পানির জন্য একজন ব্যক্তিকে চিরকাল অপরিহার্য করে রাখা উচিত নয়। এনভিডিয়ারও এখন থেকেই উত্তরসূরি তৈরির পরিকল্পনা করা প্রয়োজন।
তবে তাঁর মতে, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পরিকল্পনার অজুহাতে বর্তমান নেতৃত্বের পরিবর্তন জোর করে চাপিয়ে দেওয়া যুক্তিসংগত নয়। অসাধারণ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের অবদানও বাস্তবতা হিসেবে বিবেচনা করতে হবে।
গুওর দাবি, হুয়াং নিজের আচরণ নিয়ে অনুতপ্ত এবং ভবিষ্যতে আরও কঠোর তদারকির আওতায় কাজ করতে প্রস্তুত। তবে তাঁর এই অবস্থানকে বাস্তবে প্রমাণ করতে হবে।
সব মিলিয়ে, এনভিডিয়ার সামনে এখন দুটি সমান্তরাল চ্যালেঞ্জ—একদিকে এআই হার্ডওয়্যারে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখা, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অল্প কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া।
গুওর বিশ্লেষণে, হুয়াংয়ের নেতৃত্ব এই দুই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তাঁর ব্যক্তিগত জবাবদিহি, স্বাধীন তদন্ত এবং পরিচালনা পর্ষদের কঠোর নজরদারি নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।












