যুক্তরাষ্ট্রে থাকতে দুই ছেলের প্রতিটি কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতেন লিসা হোয়াইট। স্কুল, পিয়ানো, কারাতে কিংবা দাবা প্রতিযোগিতা—সন্তানদের সব ব্যস্ততার কেন্দ্রে থাকতেন তিনি। ছেলেদের কোনো প্রতিযোগিতা থাকলে লং আইল্যান্ড থেকে গাড়ি চালিয়ে ম্যানহাটনে নিয়ে যেতেন। যানজটে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে গাড়িতে বসে অপেক্ষা করতেন, যতক্ষণ না তাদের প্রতিযোগিতা শেষ হয়।
তখন কখনো মনে হয়নি, সন্তানদের জন্য তিনি অতিরিক্ত কিছু করছেন। বরং মনে করতেন, তাদের আগ্রহ ও স্বপ্নের পাশে থাকা একজন মায়ের দায়িত্ব।
কিন্তু যুক্তরাষ্ট্র ছেড়ে পর্তুগালে চলে আসার পর সন্তান লালন-পালন সম্পর্কে তাঁর দীর্ঘদিনের ধারণায় পরিবর্তন এসেছে। বিশেষ করে সন্তানদের স্বাধীনভাবে চলতে দেওয়া এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে শেখানোর গুরুত্ব নতুন করে উপলব্ধি করেছেন তিনি।
পর্তুগালে বদলে গেছে সন্তানদের দৈনন্দিন জীবন
পর্তুগালে আসার প্রস্তুতি নেওয়ার সময় নিজের গাড়িটি বিক্রি করে দেন লিসা। কারণ, তাঁরা এমন একটি উপকূলীয় শহরে বসবাস শুরু করতে যাচ্ছিলেন, যেখানে হেঁটে চলাচল এবং গণপরিবহন ব্যবহার করা সহজ।
প্রথমে ভেবেছিলেন, শুধু দৈনন্দিন যাতায়াতের অভ্যাস বদলাবে। কিন্তু পরে বুঝতে পারেন, এই পরিবর্তন তাঁর দুই ছেলের স্বাধীনভাবে জীবন পরিচালনার সক্ষমতাও বাড়িয়ে দিচ্ছে।
এখন ছেলেরা নিজেরাই পর্তুগিজ ভাষায় গণপরিবহনের সময়সূচি বোঝে, যাতায়াতের পথ নির্ধারণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। অন্য ভাষায় বাসের সময়সূচি পড়া কিংবা অপরিচিত জায়গায় যাওয়ার পরিকল্পনা করা তাদের জন্য নতুন অভিজ্ঞতা।
একসময় এসব কাজের প্রায় সবকিছুই মা নিজে সামলাতেন। এখন ছেলেরা নিজেরাই দায়িত্ব নিতে শিখছে।
লিসার ছোট ছেলে প্রায়ই বলে, পর্তুগালে আসার পর সে আগের চেয়ে অনেক বেশি স্বাধীন বোধ করছে। সপ্তাহান্তে বন্ধুদের সঙ্গে দেখা করতে, বিপণিবিতানে যেতে কিংবা সিনেমা দেখতে সে নিজেই উবার ব্যবহার করে।
১৩ বছর বয়সী ছেলেটির জন্য এই স্বাধীনতা অবশ্য সীমাহীন নয়। কোথায় যাচ্ছে, কখন ফিরবে—এসব বিষয়ে মা এখনো খোঁজ রাখেন। তবে সন্তানের প্রতিটি মুহূর্তের পরিকল্পনা করে দেওয়ার সঙ্গে প্রয়োজনীয় সীমারেখা নির্ধারণের পার্থক্য তিনি বুঝতে শিখেছেন।
সন্তানকে আগলে রাখা আর সবকিছু নিয়ন্ত্রণ করা এক নয়
সম্প্রতি লিসার বড় ছেলে বন্ধুদের সঙ্গে একটি অপরিচিত শহরের সমুদ্রসৈকতে পিকনিকে যাওয়ার আমন্ত্রণ পায়। সেখানে যেতে তাকে নিজেই বাসের সময়সূচি দেখতে হয়েছে এবং কোন পথে গন্তব্যে পৌঁছানো যাবে, তা ঠিক করতে হয়েছে।
ছেলেটি কোনো সাহায্য ছাড়াই পুরো বিষয়টি সামলেছে।
পরে মায়ের কাছে একটি বার্তা পাঠিয়ে জানায়, সে নিরাপদে পৌঁছেছে এবং বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছে।
বার্তাটি পড়ে লিসার ভালো লেগেছিল। কারণ, ছেলে মাকে নিজের অবস্থান জানিয়েছে, কিন্তু পুরো যাত্রায় মায়ের সাহায্যের প্রয়োজন হয়নি।
এই অভিজ্ঞতা তাঁকে একটি বিষয় বুঝিয়েছে—সন্তানকে কীভাবে সাহায্য করতে হবে, সেটি জানার পাশাপাশি কখন তাকে নিজের মতো করে চেষ্টা করার সুযোগ দিতে হবে, সেটিও গুরুত্বপূর্ণ।
লিসা সব সময়ই ছেলেদের নিরাপত্তা নিয়ে সতর্ক। বিদেশে চলে আসার পরও সেই সতর্কতা কমেনি। বাইরে গেলে আশপাশ সম্পর্কে সচেতন থাকা, ঝুঁকি এড়িয়ে চলা এবং নির্দিষ্ট সময় পরপর যোগাযোগ করার বিষয়ে ছেলেদের সঙ্গে নিয়মিত কথা বলেন তিনি।
পর্তুগালও ঝুঁকিমুক্ত কোনো দেশ নয়। তবে এখানকার পরিবেশে সন্তানদের বাইরে যেতে দেওয়ার ক্ষেত্রে তিনি আগের তুলনায় কিছুটা স্বস্তি অনুভব করেন। প্রতিটি সম্ভাব্য বিপদের কথা আগেভাগে ভেবে সন্তানদের চলাফেরা নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা এখন আর ততটা অনুভব করেন না।
সবকিছু করে দেওয়ার বদলে শেখার সুযোগ
লিসা মনে করেন, ছেলেদের স্বাধীনতা বাড়ার পেছনে শুধু দেশ পরিবর্তনের ভূমিকা নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের জীবন পরিচালনা করতে শেখাও বেড়ে ওঠার স্বাভাবিক অংশ।
তবে সন্তানদের প্রতিটি সমস্যার সমাধান করে দেওয়ার প্রবণতা তাদের নিজের সক্ষমতা আবিষ্কারের সুযোগ কমিয়ে দিতে পারে।
অনেক সময় অভিভাবকেরা সন্তানদের সুবিধার কথা ভেবে এমন সব কাজ নিজেরাই করে দেন, যেগুলো সন্তানরা চেষ্টা করলে নিজেরাই শিখতে পারত। অথচ নিজেরা পথ খুঁজে নেওয়া, সিদ্ধান্ত নেওয়া কিংবা ছোটখাটো সমস্যার সমাধান করার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বাড়ায়।
লিসা এখনো সেই শনিবারগুলোর কথা মনে করেন, যখন ছেলেদের দাবা প্রতিযোগিতায় নিয়ে যেতে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে অপেক্ষা করতেন। তখন সন্তানদের পাশে থাকা তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল। এখনো সেটি গুরুত্বপূর্ণ।
তবে তাঁর উপলব্ধি বদলেছে। সন্তানদের পাশে থাকার অর্থ তাদের প্রতিটি কাজ নিজের হাতে করে দেওয়া নয়। বরং প্রয়োজনের সময় সাহায্য করার নিশ্চয়তা দিয়ে তাদের নিজেদের মতো করে চেষ্টা করার সুযোগ করে দেওয়াও অভিভাবকত্বের অংশ।
ছেলেরা জানে, প্রয়োজন হলে মাকে সব সময় পাশে পাবে। কিন্তু এখন মা চাইছেন, সাহায্য চাওয়ার আগে তারা নিজেরাই সমস্যার সমাধানের চেষ্টা করুক।
আগে সন্তানদের জন্য গাড়িতে বসে অপেক্ষা করতেন লিসা। এখন অনেক সময় অপেক্ষা করেন তাদের একটি বার্তার জন্য।












