যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে খুলনা বিভাগের সব জেলা থেকে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধের এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকায় কোনো বাস চলাচল করছে না। ফলে এই অঞ্চলে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রয়েছে।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান জানান, শনিবার বিকালে গোপালগঞ্জের পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই বাগেরহাটের মোল্লাহাট এলাকায় সড়কে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়।
তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে বাস মালিকরা তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।
পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ থাকলেও বিকল্প পথে বাস চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। রবিবার সকাল থেকে খুলনা থেকে যশোর ও আরিচা হয়ে ঢাকাগামী বাস চলাচল শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিকল্প রুটে পরিবহন চলাচল করবে।
এর আগে গত ১৮ নভেম্বর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় একইভাবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন পরিবহন মালিকরা। সে সময়ও যাত্রী ও যানবাহনের নিরাপত্তাকে সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।












