গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের থাই গ্লাস, দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্রও।
রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
অবরোধের পর ব্যাংক কার্যালয়ে হামলা
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে সকাল থেকেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।
পরে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে হামলা চালান বলে স্থানীয়রা জানান।
ভাঙচুরের পর নথিপত্র ও আসবাবে আগুন
হামলার সময় ব্যাংক কার্যালয়ের থাই গ্লাস, দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। একপর্যায়ে কার্যালয়ের ভেতর থেকে কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। কার্যালয়ের বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ জলিরপাড় গ্রামের বাসিন্দা টুলু বাকচীর একটি ভবন ভাড়া নিয়ে সেখানে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
পুলিশের বক্তব্য পাওয়া যায়নি
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।












