‘মেরা কুছ সামান তুমহারে পাস পড়া হ্যায়’

কোনো কালেই নিজের শৈলী ভেঙে অন্য শৈলী নিয়ে এক্সপেরিমেন্ট করতে পিছপা হননি আশা ভোঁসলে। তার কন্ঠে দিল চিজ ক্যায় হায় যেমন সঙ্গীত প্রেমীদের মনে মোচড় দিয়েছে তেমনই ইজাজত ছবিতে ‘মেরা কুছ সামান তুমহারে পাশ পরা হ্যায়’ গান অনেক মানুষকে আবেগী করে তুলেছিল।

পপ হোক বা জ্যাজ- যে কোনও ঘরানার সঙ্গীতে তার সমান দক্ষতা ছিল। বিভিন্ন সাক্ষাৎকারে এলভিস প্রেসলি এবং বিল হ্যালির প্রভাবের বিষয়ে উল্লেখ করেছেন তিনি।

তার ক্যারিয়ারের ব্যপ্তি সাত দশকেরও বেশি। এই সময়ে বলিউডে গানের ধরন বদলেছে, নায়িকা বদলেছে কিন্তু বদলায়নি তার কন্ঠস্বরের জাদু। এআর হরহমানের সঙ্গে তার জুটিতে ‘রঙ্গিলা’ থেকে শুরু করে ‘লাগানের’ একের পর এক জনপ্রিয় গান আছে।

এআর রহমান তার মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন “তিনি তার কণ্ঠ ও আভা নিয়ে চিরকাল বেঁচে থাকবেন… কী অসাধারণ একজন শিল্পী ছিলেন।”

তার মৃত্যুতে শোকাহত অভিনেত্রী হেমা মালিনী। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, “আমি বিশ্বাসই করতে পারছি না এটা সত্যি। এ এক অপরিমেয় ক্ষতি। আমি কথা বলার মতো পরিস্থিতিতে নেই।”

তার কথা মনে করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী উষা উত্থুপ। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, “ওর মতো ভার্সেটাইল গায়িকা খুব কমই হয়। প্রজন্মের পর প্রজন্মকে তিনি তার কণ্ঠের জাদুতে মাতিয়ে রেখেছেন… উদ্বুদ্ধ করেছেন।”

অনেকেরই মতো ছেলেবেলা থেকে আশা ভোঁসলের গান শুনে বড় হয়েছেন কলকাতার সুরকার ও গায়ক অনুপম রায়। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, “আশা ভোঁসলের গান শুনে বড় হয়েছি। কিছু বুঝে ওঠার আগে থেকেই তার কণ্ঠ মনে জায়গা করে নিয়েছে।”

“ছেলেবেলায় দূর্গা পুজো মানেই ছিল প্যান্ডেলেও আশা ভোঁসলে এবং কিশোর কুমারের গান। তার গাওয়া রবীন্দ্র সঙ্গীতের ক্যাসেটও বাজত। এখনো সেই গানই প্যান্ডেলে প্যান্ডেলে বাজে। তার মৃত্যুতে একটা স্বর্ণযুগের অবসান হলো।”

কথা বলতে বলতে স্মৃতিমেদুর হয়ে ওঠেন তিনি। মি রায় বলেছেন, “তার সঙ্গে বেশ কয়েকবার দেখা হওয়ার সুযোগ হয়েছে। সেই সমস্ত স্মৃতি মনে ভাসছে।”

হাসিখুশি স্বভাবের জন্য পরিচিত ছিলেন আশা ভোঁসলে। সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন প্রিয় ‘আশা তাই’ ।

শুধু সঙ্গীত নয়, রান্নাতেও পটু ছিলেন। তার সঙ্গে কাটানো মুহূর্তের কথা স্মরণ করে ঊষা উত্থুপ বলেছেন, “একজন অসাধারণ মানুষ ছিলেন তিনি। যতবার দেখে হয়েছে, শ্রদ্ধায়, কৃতজ্ঞতায় মন ভরে গয়েছে। আমি মনে করি শিল্পীর মৃত্যু হয় না কিন্তু এটাও ঠিক যে দ্বিতীয় আশা ভোঁসলে জন্মাবে না।”