স্ট্রোক করার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ সংগীতশিল্পী শেখ শাহেদ আলী। ‘রোকজানা’ শাহেদ নামে পরিচিত এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনি রোগেও ভুগছেন। দীর্ঘদিনের অসুস্থতার মধ্যে নতুন করে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাঁর অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শাহেদের বন্ধু ও কুল এক্সপোজারের প্রধান এরশাদুল হক জানিয়েছেন, গত চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস করাতে হচ্ছে এই শিল্পীকে। এর মধ্যেও সংগীতচর্চা চালিয়ে যাচ্ছিলেন তিনি। গত ১১ বছরে সুর করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতিও নিয়েছিলেন।
আগামী ৬ নভেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে গানগুলোর প্রকাশনা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। কিন্তু শাহেদের অসুস্থতার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
কিডনি প্রতিস্থাপনের জন্য আগামী ১৫ নভেম্বরের পর তাঁর দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল। তবে বর্তমান শারীরিক অবস্থার কারণে সেই সফরও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন এরশাদুল হক।
শাহেদ আলী ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে তিনি সংগীতের সঙ্গে যুক্ত। ‘রোকজানা’ নামেও সংগীতাঙ্গনে তাঁর পরিচিতি রয়েছে।
‘রোকজানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’ তাঁর জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য।
১৯৯১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।












