ভারতের আসাম রাজ্যে রাষ্ট্রীয় তেল ও গ্যাস প্রতিষ্ঠান অয়েল ইন্ডিয়ার একটি স্থাপনায় আগুন লেগে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার (৬ নভেম্বর) রাজ্যের তেনগাখাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির বিবৃতি অনুযায়ী, রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস গরম করার কাজে ব্যবহৃত একটি বিশেষ যন্ত্রে আগুন লাগে। পাইপলাইনে তেল ও গ্যাসের প্রবাহ স্বাভাবিক রাখতে যন্ত্রটি ব্যবহার করা হয়।

আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে অয়েল ইন্ডিয়া। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।












