খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের সাপমারা এলাকায় আওয়ামী লীগ নেতার ছোট ভাইকে আটক করাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নালের ছোট ভাই আমির হোসেনকে আটক করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে জয়নালের আত্মীয়স্বজন ও আওয়ামী লীগের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় আটক আমির হোসেনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
হামলায় আহতদের মধ্যে শফিকুল ইসলাম সুজন (৩০), মো. শাহাদাত হোসেন (২০), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. ফারুক হোসেন (৩০) রয়েছেন। আহত পাঁচজনের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ
ঘটনা সম্পর্কে উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবের বক্তব্য, শুক্রবার সন্ধ্যায় সাপমারা এলাকায় বিএনপির নেতাকর্মীরা ৭ নভেম্বরের কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা করছিলেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান।
তিনি জানান, একপর্যায়ে আমির নামে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করা হলে তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন।
হাবিবের দাবি, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানায় অভিযোগ করেনি কোনো পক্ষ
হামলার পর এলাকায় বিভিন্ন বাড়িতে আক্রমণের অভিযোগও পাওয়া গেছে। তবে এ ঘটনায় শনিবার রাত ৮টা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ চৌধুরী জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।












