চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। শনিবার সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ট্রাকচালক মো. সালেহ আহমেদ সেলিম (৪৬) ও তাঁর সহকারী মো. সোহরাব (৩৫)। সেলিমের বাড়ি রংপুরের মাহিগঞ্জের নাসনিয়া এলাকায়। তাঁর বাবার নাম মো. মহসিন আলী। সোহরাবের বাড়ির ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর থেকে পণ্যবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে সীতাকুণ্ডের পান্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় সামনে থাকা একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করলে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় ট্রাকের সামনের কেবিন দুমড়েমুচড়ে যায়। এতে চালক ও সহকারী ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।
পরে দুজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল মতিন জানান, দুর্ঘটনার পর ট্রাক ও কাভার্ড ভ্যান দুটি জব্দ করা হয়েছে।












