ময়মনসিংহের নান্দাইলে ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার রাত ৮টার দিকে নান্দাইল উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের নওরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুই দিনের ছুটি কাটিয়ে নেত্রকোনা থেকে একটি পিকআপে করে গাজীপুরে ফিরছিলেন একদল পোশাকশ্রমিক। পথে নওরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক পিকআপটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন।
নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তাঁরা দুজনই পুরুষ।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, আহতদের মধ্যে চারজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দুজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।












