টোকিও—যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন ধাক্কা এশিয়ার আর্থিক বাজারে উদ্বেগ বাড়িয়েছে। সেপ্টেম্বরে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যবৃদ্ধির তথ্য প্রকাশের পর আশঙ্কা তৈরি হয়েছে, দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উঁচুতে ধরে রাখতে পারে। এতে এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রা, পুঁজি প্রবাহ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নতুন চাপ তৈরি হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধি পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। একই সঙ্গে বিষয়টি ফেডারেল রিজার্ভকে বন্ডবাজার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আরও বড় ধরনের মতবিরোধের মুখে ফেলেছে।
মধ্যবর্তী নির্বাচনের আর তিন সপ্তাহেরও কম সময় আগে মূল্যস্ফীতির এমন ঊর্ধ্বগতি ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ—কারও জন্যই স্বস্তিকর নয়। বরং এটি তাঁদের দুজনের জন্যই সবচেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলোর একটি












