ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পুনর্গঠন ও নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে রেললাইন ও সড়ক অবরোধ করেছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেললাইন অবরোধের কারণে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করায় যান চলাচলও বন্ধ হয়ে পড়ে।
অবরোধের কারণে পারাবত এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, মহানগর প্রভাতী ও সুবর্ণ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। অন্যদিকে ভারতগামী যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
ছয় গ্রাম ফিরিয়ে দেওয়ার দাবি
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোরাবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার অধীনে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়। এ বিষয়ে গত ৪ জুন সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।
শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। তবে তাঁদের দাবি ও আপত্তির কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
নতুন উপজেলা গঠনের প্রস্তাবে ক্ষোভ
সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে বরিশল নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে। এ প্রস্তাব ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
নতুন উপজেলা প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ একটি আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে। এরপর থেকেই বাসিন্দাদের ক্ষোভ আরও বাড়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম বলেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে গেছে।












