দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে ১৫ ধরনের নিত্যপণ্যের দাম গড়ে ৪.৩৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। এক মাসে মাছের দাম গড়ে বেড়েছে ১১.৭২ শতাংশ। সেপ্টেম্বর ও অক্টোবর মিলিয়ে দুই মাসে নিত্যপণ্যের দাম বেড়েছে ৭.৫২ শতাংশ।
কনজুমারস ফোরামের (সিএফ) সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বাজার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটি সরেজমিনে বাজারদর সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, মাছের পরই অক্টোবরে সবচেয়ে বেশি বেড়েছে মসলা জাতীয় পণ্যের দাম। লবঙ্গ, এলাচ, দারুচিনি ও জিরার দাম গড়ে বেড়েছে ১০.৩০ শতাংশ। পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে ৭.৭৯ শতাংশ।
এ ছাড়া জ্বালানি তেলের দাম ৬.০২ শতাংশ, চিনির ৪.৯৩ শতাংশ, ভোজ্য তেল ও ডালডার ৪.৮০ শতাংশ, আটা-ময়দার ৩.২৫ শতাংশ এবং চালের দাম ২.৬২ শতাংশ বেড়েছে। একই সময়ে ডিমের দাম বেড়েছে ১.৪২ শতাংশ, মাংসের ০.৩৮ শতাংশ এবং চায়ের ০.১৪ শতাংশ।
অক্টোবরে সাত ধরনের পণ্যের দাম অপরিবর্তিত ছিল। এর মধ্যে রয়েছে লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ ও টুথপেস্ট, চানাচুর ও বিস্কুট, ১১টি ব্র্যান্ডের নিত্যব্যবহার্য ওষুধ এবং খাতা-কলম।
অন্যদিকে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় শাকসবজির দাম কমেছে ৩.১২ শতাংশ। সোনা ও রুপার দাম কমেছে ৪.৭৭ শতাংশ।
যশোর, বগুড়া ও রংপুরের বাজার ঘুরে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, বগুড়া ও রংপুরে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৬ থেকে ১২ টাকা, মূলা ৬ থেকে ৮ টাকা এবং লাউ ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। কলার হালি পাওয়া যাচ্ছে ৫ থেকে ৮ টাকায়।
তবে ঢাকার বাজারে একই পণ্যের দাম অনেক বেশি। রাজধানীতে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, পেঁপে ও মূলা ৩০ টাকা এবং লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালির দাম ৪০ থেকে ৫০ টাকা।
উৎপাদকেরা জানিয়েছেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও অনেক ক্ষেত্রে বিক্রয়মূল্য দিয়ে উৎপাদন খরচও তুলতে পারছেন না তাঁরা।
সিএফের হিসাবে, গত সেপ্টেম্বরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে ৩.১৩ শতাংশ বেড়েছিল। অক্টোবরে নতুন করে বেড়েছে ৪.৩৯ শতাংশ। সব মিলিয়ে দুই মাসে দাম বেড়েছে ৭.৫২ শতাংশ।
সংগঠনটির আশঙ্কা, এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। শুধু বেতন-ভাতা বাড়িয়ে জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া সম্ভব নয়। বাড়িভাড়া, দোকানভাড়া, শিক্ষা ও চিকিৎসাসহ দৈনন্দিন খরচও মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যে রাখা প্রয়োজন।
অতিমুনাফালোভী ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিএফ। প্রয়োজনে আইন প্রয়োগ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার পরামর্শও দিয়েছে সংগঠনটি। গ্রামপর্যায়ে উৎপাদিত কৃষিপণ্যের উৎপাদনমূল্য ও ভোক্তা পর্যায়ের বিক্রয়মূল্যের ব্যবধান কমানোর ওপরও গুরুত্ব দিয়েছে তারা। এ জন্য কার্যকর বাজার তদারকি এবং বাজার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
প্রতিবেদন তৈরিতে রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মেরাদিয়া, আফতাবনগরের ভূঁইয়া বাজার এবং মীনা বাজার ও স্বপ্ন সুপারশপ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হয়েছে।












