বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচিতে প্রথম ধাপে ৬৪০ তরুণ উদ্যোক্তাকে বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়। এই তরুণ উদ্যোক্তা অর্থায়নের আওতায় একজন উদ্যোক্তা জামানত ছাড়া সর্বোচ্চ ২০ লাখ টাকা পেতে পারেন। গ্রামীণ এলাকার তরুণদের ব্যবসা শুরুর সুযোগ করে দিতেই ১৪ সেপ্টেম্বর কর্মসূচিটি চালু হয়েছিল, আবেদন শুরু হয় ১৬ সেপ্টেম্বর।
নির্বাচিতেরা আটটি জেলার ৬৪টি উপজেলার। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। প্রতি জেলার আটটি উপজেলা থেকে বাছাই হয়েছেন ১০ জন করে, সব মিলিয়ে ৬৪০ জন। বাকি ৫৬টি জেলায় আবেদন এখনো চলছে। আগ্রহীরা নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংক শাখায় আবেদন জমা দিতে পারবেন।
অর্থায়ন দুই ভাগে। অর্ধেক ব্যাংকঋণ, বাকি অর্ধেক অনুদান। অর্থাৎ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ আর ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান। কারও ব্যবসায় ১২ লাখ টাকা লাগলে তিনি ছয় লাখ টাকা ঋণ আর ছয় লাখ টাকা অনুদান পাবেন। ঋণের অংশে গ্রাহকপর্যায়ে সুদ বা মুনাফার হার ৪ থেকে ৭ শতাংশ। ঋণ ও অনুদান একসঙ্গে সরাসরি উদ্যোক্তার ব্যাংক হিসাবে যাবে, নগদ টাকা দেওয়া হবে না।
আবেদনের বয়সসীমা ২৮ বছর। কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, প্রাণিসম্পদ, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানির মতো খাতের তরুণেরা এর আওতায় আসতে পারেন। যাঁরা আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নিয়েছেন, তাঁরা এই সুবিধা পাবেন না। ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর তালিকায় খেলাপি হিসেবে চিহ্নিতরাও বাদ পড়বেন। প্রতিটি উপজেলায় একটি তফসিলি ব্যাংক শাখা লিড ব্যাংক হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় ব্যাংক আগেই জানিয়েছে, বাছাই হলেই ঋণ পাওয়া নিশ্চিত নয়।
ঋণের অংশ সময়মতো শোধ না করলে অনুদানের অংশ আপনাআপনি সুদহীন ঋণে রূপ নেবে। তখন উদ্যোক্তা খেলাপি হিসেবে চিহ্নিত হতে পারেন, ভবিষ্যতে ঋণ পাওয়া কঠিন হয়ে যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সেপ্টেম্বরে জানিয়েছিলেন, কর্মসূচিটি ধাপে ধাপে সারা দেশে ছড়িয়ে দিয়ে প্রতিবছর পাঁচ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও সহায়তা দেওয়া হবে। তরুণ উদ্যোক্তা অর্থায়নের এই উদ্যোগ নতুন কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে।












