পরিবার বলছে জুলাই ফাউন্ডেশনের প্রতিনিধিরা বেরিয়ে আসার কিছুক্ষণ পর তার মা তার বোনকে নিয়ে মাদ্রাসায় যান। ওই সময়ই আত্মহননের পথ বেছে নেয় ওই কলেজছাত্রী।

আজ ময়না তদন্তের পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে পটুয়াখালীতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

মানসিক রোগ বিশেষজ্ঞ মেখলা সরকার বলছেন, ধর্ষণ একজন মানুষকে চরমভাবে মানসিক বিপর্যস্ত করে দেয়। এ ধরনের ঘটনায় অনেক সময় পরিবারও ট্রমার মধ্যে পড়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখায়।

“এই ট্রমার সাথে ব্যক্তি ও পরিবার সবারই খাপ খাইয়ে নেয়া কঠিন। তাই সবার উচিত তাদের প্রতি সহমর্মী হওয়া। অনেক সময় পরিবারেরও কাউন্সেলিং দরকার হয়। অনেক সময় ভিকটিমকে উল্টো দোষারোপ করা হয়। এজন্য পরিবার সমাজে সবার দায়িত্বশীল আচরণ জরুরি। ভিকটিমকে আশ্বস্ত করা, তার পাশে দাঁড়ানো দরকার,” বলছিলেন তিনি।