শুক্রবার কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। কনট প্লেস, আকবর রোড, লাজপত নগর, ময়ূর বিহার ফেজ-২ এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হয়। বিভিন্ন স্থান থেকে পাওয়া দৃশ্যে দেখা গেছে, যানবাহনকে জলমগ্ন সড়ক পার হতে হয়েছে এবং অনেক যাত্রীকে পানির মধ্য দিয়ে চলাচল করতে হয়েছে।
বৃষ্টির প্রভাব পড়ে দিল্লির বিমান চলাচলেও। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে অন্তত নয়টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লি বিমানবন্দরে ৪০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
কনট প্লেস থেকে বিমানবন্দর পর্যন্ত জলাবদ্ধতা
দিল্লির অন্যতম ব্যস্ত ও পরিচিত এলাকা কনট প্লেসে বৃষ্টির পানি জমে সড়কগুলোতে যান চলাচল ধীর হয়ে যায়। একই ধরনের পরিস্থিতি দেখা যায় লাজপত নগর এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায়।
দেশটির সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে পরিচিত আইজিআই বিমানবন্দরে প্রতিদিন ১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট চলাচল করে। ভারী বৃষ্টিতে সেখানে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। হিমাংশি নামে এক যাত্রী জানান, তিনি প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিলেন এবং পানির উচ্চতা কমার অপেক্ষা করছিলেন, যাতে আগমন গেটের দিকে যেতে পারেন।
আরেক যাত্রী প্রভাশ জানান, এর আগেও বিমানবন্দরে জলাবদ্ধতা দেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে এমন পরিস্থিতি হয়েছিল এবং এবার বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি মনে হয়েছে। এদিন জন্মাষ্টমী উপলক্ষে পূজার আয়োজনও ছিল বলে তিনি জানান।
বিমানবন্দরের কর্মীরা পানি সরানোর কাজ করছিলেন বলেও জানান প্রভাশ। তার আশা, দ্রুত পানি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।
দিল্লির জন্য আবহাওয়া সতর্কতা
ভারতের আবহাওয়া বিভাগ বা আইএমডি জানিয়েছে, শুক্রবার সকাল ১০টার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে প্রায় দুই মিনিট স্থায়ী একটি স্কোয়াল বা আকস্মিক ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, দিল্লির আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে এবং এক বা দুই দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রঝড় ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
বৃষ্টির কারণে নিচু এলাকা ও আন্ডারপাসে জলাবদ্ধতা এবং শহরের বিভিন্ন অংশে যানজটের আশঙ্কায় আইএমডি দিল্লিতে ইয়েলো অ্যালার্ট জারি করেছে। গণপরিবহনেও বিলম্ব হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বাইরে বের হওয়ার আগে ট্রাফিক পরিস্থিতি দেখে নেওয়া এবং বজ্রঝড়ের সময় বিদ্যুতের লাইন ও বৈদ্যুতিক তারের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
সারাক্ষণ রিপোর্ট 



















