ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের বিরুদ্ধে তিনটি গুরুতর হুমকির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কুইজন সিটির একটি আদালত। শুক্রবার তার আইনজীবী পল লরেন্স লিম বিষয়টি নিশ্চিত করেন। ৪ সেপ্টেম্বর জারি করা পরোয়ানায় প্রতিটি অভিযোগের জন্য ১ লাখ ২০ হাজার পেসো করে জামিন নির্ধারণ করা হয়েছে।
আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা
সারা দুতার্তের আইনজীবী জানিয়েছেন, আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন থাকলেও আইন এড়ানোর কোনো ইচ্ছা তার নেই। তিনি সব ধরনের আইনি প্রতিকার নেওয়ার পথেই এগোবেন।
স্থানীয় সরকারবিষয়ক সচিব জনভিক রেমুলা জানান, দুতার্তের আইনজীবীরা পরোয়ানা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং যত দ্রুত সম্ভব জামিনের আবেদন করবেন।
ফিলিপাইনের বিচার বিভাগও পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছে। তবে এর অর্থ এই নয় যে দুতার্তেকে অবিলম্বে হেফাজতে নেওয়া হবে। ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ল-এর সহযোগী ডিন পাওলো তামাসের মতে, তার আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করতে পারেন এবং এ জন্য দুতার্তের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকা সম্ভবত জরুরি হবে না।
প্রয়োজনে উচ্চ আদালতে চ্যালেঞ্জ
তামাসে আরও বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত উচ্চ আদালতেও চ্যালেঞ্জ করা যেতে পারে। সে ক্ষেত্রে বিষয়টি কোর্ট অব আপিলস কিংবা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।
এই ফৌজদারি মামলার সূত্রপাত গত মাসে। বিচার বিভাগ সারা দুতার্তের বিরুদ্ধে ‘গ্রেভ থ্রেটস’ বা গুরুতর হুমকির অভিযোগ আনে। একটি গভীর রাতের সংবাদ ব্রিফিংয়ে তিনি দাবি করেছিলেন, তাকে আগে হত্যা করা হলে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, তার স্ত্রী এবং সাবেক স্পিকার মার্টিন রোমুয়ালদেজকে হত্যার জন্য তিনি একজন ভাড়াটে খুনি নিয়োগ করেছেন।
ইমপিচমেন্ট মামলাতেও একই অভিযোগ
সারা দুতার্তের কথিত হত্যার হুমকির বিষয়টি তার চলমান সিনেট ইমপিচমেন্ট ট্রায়ালেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভস গত মে মাসে তাকে অভিশংসিত করে। অভিযোগগুলোর মধ্যে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ও রয়েছে।
সিনেটে তার বিচার সম্প্রতি নবম সপ্তাহে প্রবেশ করেছে। সেখানে দোষী সাব্যস্ত হলে তিনি পদ হারানোর পাশাপাশি ভবিষ্যতে রাজনীতিতে নিষিদ্ধ হবেন। এর ফলে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার পরিকল্পিত প্রার্থিতাও বাধাগ্রস্ত হবে। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন।

ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে।
তবে বিচার বিভাগ দুতার্তের আইনজীবীদের সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে যে, ইমপিচমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাকে ফৌজদারি মামলায় বিচার করা যায় না।
ইমপিচমেন্ট আলাদা সাংবিধানিক প্রক্রিয়া
হাউসের ইমপিচমেন্ট প্রসিকিউশন দলের সদস্য প্রতিনিধি টেরি রিডন বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা ইমপিচমেন্ট কার্যক্রমে প্রভাব ফেলবে না। তার মতে, ইমপিচমেন্ট একটি পৃথক সাংবিধানিক জবাবদিহির প্রক্রিয়া।
এদিকে ইমপিচমেন্ট ট্রায়ালে সিনেটর-জাজ হিসেবে দায়িত্ব পালনকারী সিনেট সদস্যরা পরোয়ানা জারির পর প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। সিনেটর জোয়েল ভিলানুয়েভা জানিয়েছেন, দুতার্তের বিরুদ্ধে ফৌজদারি মামলার সঙ্গে ইমপিচমেন্টের বিষয়গুলোর মিল থাকায় সিনেটের sub judice বিধির কারণে তারা মন্তব্য করতে পারছেন না। সম্ভাব্য লঙ্ঘনের জন্য ৩০ হাজার পেসো জরিমানা দেওয়ার মতো অর্থ নেই বলেও তিনি মন্তব্য করেন।
সারাক্ষণ রিপোর্ট 



















