সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই দিনব্যাপী এসব অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি ভারতীয় জিরা, সুপারি, চা-পাতা, একটি পিকআপ ও গরুও জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার ও বুধবার, ৮ ও ৯ সেপ্টেম্বর, সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। বিজিবির হিসাবে অভিযানে জব্দ করা সব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ৩৩ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এসব অভিযানে ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত বিশেষ অপারেশন দলের পাশাপাশি সংশ্লিষ্ট সীমান্ত বিওপির টহল দল অংশ নেয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ছাড়াও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযানের অংশ হিসেবেই এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালপত্র জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হবে। জব্দ করা মালপত্রের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ পণ্য প্রবেশের পথ সংকুচিত হওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তাও আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সারাক্ষণ রিপোর্ট 



















