নতুন নির্বাচিত সরকারের কার্যকর পদক্ষেপ থাকলে আগামী ছয় মাসের মধ্যেই দেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিআইএ)। সংগঠনটি মনে করছে, সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ছয় মাসই হবে অর্থনীতি পুনর্গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে অভিনন্দন জানিয়ে রোববার এক বিবৃতিতে এ প্রত্যাশার কথা জানায় বিনিয়োগকারীদের এই সংগঠন।
প্রথম ছয় মাসেই অর্থনীতি পুনর্গঠনের চ্যালেঞ্জ
বিসিআইএ বলেছে, নতুন সরকারের শুরুতেই ব্যাংকিং খাতের ভঙ্গুর অবস্থা, বিপর্যস্ত পুঁজিবাজার এবং সামগ্রিক বাণিজ্য ও আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে। তাদের মতে, শক্তিশালী সরকার ও কার্যকর বিরোধী দলের সমন্বিত ভূমিকা থাকলে এই সময়ের মধ্যেই ইতিবাচক পরিবর্তন সম্ভব।
সংগঠনটি আশা প্রকাশ করেছে, সরকারের দৃশ্যমান ও সময়োপযোগী পদক্ষেপ সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনবে। এতে বিভিন্ন খাতে স্বতঃস্ফূর্ত বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
অভিজ্ঞ নেতৃত্ব নিয়োগের পরামর্শ
নতুন প্রশাসনের প্রতি পরামর্শ দিয়ে বিসিআইএ বলেছে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আর্থিকভাবে সমন্বিত ও মর্যাদাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। পাশাপাশি পুঁজিবাজার বিষয়ে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রতিমন্ত্রী প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।
আইপিও স্থবিরতা ও তুলনামূলক চিত্র
বিসিআইএ তাদের বিবৃতিতে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির স্থবিরতার বিষয়টি তুলে ধরেছে। সংগঠনের তথ্য অনুযায়ী, গত দুই বছরে (২০২৫–২০২৬) ভারতে ৩৭০টি নতুন কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে তালিকাভুক্ত হলেও একই সময়ে বাংলাদেশে একটি কোম্পানিও বাজারে আসেনি। এ অবস্থাকে উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বহুজাতিক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তালিকাভুক্তির দাবি
বাজারে নতুন গতি আনতে প্রথম দিন থেকেই সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিসিআইএ। পাশাপাশি অন্তত দুই থেকে তিনটি বহুজাতিক ও লাভজনক রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে দ্রুত পুঁজিবাজারে তালিকাভুক্ত করার পরামর্শ দিয়েছে তারা। এতে বাজারে তারল্য বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার হবে বলে মনে করছে সংগঠনটি।
পাঁচ বছরে যৌথভাবে কাজের অঙ্গীকার
বিসিআইএ জানিয়েছে, আগামী পাঁচ বছরে তারা সরকারের সঙ্গে সমন্বয় করে দেশের আর্থিক খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চায়। নতুন প্রশাসনকে সর্বোচ্চ সফলতার লক্ষ্যে সহায়তা করাই হবে তাদের অঙ্গীকার।
সারাক্ষণ রিপোর্ট 



















